অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে গতকাল সোমবার শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করে।

শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি ও বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাদেবপুর-বদলগাছী সড়ক অবরোধ করে। এসব কর্মসূচি চলাকালে পরীক্ষার ফি না কমালে আগামী বৃহস্পতিবার থেকে বৃহৎ আন্দোলন শুরু করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কলেজ ফটকে তালা দেওয়ারও হুমকি দেয় তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বোর্ড নির্ধারিত ফি ১ হাজার ৮০০ টাকা আর বিজ্ঞান বিভাগের জন্য ২ হাজার টাকা। অথচ এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার ১০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এত টাকা জোগাড় করতে না পেরে কোনো কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই ফি কমানোর দাবিতে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে।

অভিভাবক মনজুর আলম, জামিউল হক চৌধুরী ও গোলাম ফেরদৌস বলেন, তাঁদের সন্তানদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার টাকা বেশি আদায় করা হচ্ছে। এটা ‘জুলুম’ বলে অভিযোগ করেন তাঁরা।

অধ্যক্ষ আরিফ হোসেন মুঠোফোনে বলেন, ‘কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে না। অধিকাংশ শিক্ষার্থীর মাসিক বেতন বকেয়া থাকায় ফরম পূরণের সময় তাদের কাছ থেকে সেই টাকা আদায় করা হচ্ছে। একটি চক্র আমাকে হেয় করার জন্য শিক্ষার্থীদের দিয়ে এসব কর্মকাণ্ড ঘটাচ্ছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।