অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ভাঙচুর, অধ্যক্ষ অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় এম আর সরকারি কলেজে স্নাতক (পাস কোর্স) পরীক্ষার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা কয়েকটি কক্ষও ভাঙচুর করেন। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থীরা অভিযোগ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কলেজের চেয়ে এ কলেজে ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে। পাশের জেলার কলেজগুলো থেকে ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। টাকা কমানোর কথা বলতে গেলে অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ কারণে তাঁরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এরপর শিক্ষার্থীরা একাডেমিক ভবনের কয়েকটি কক্ষও ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে গিয়ে অধ্যক্ষকে দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।
কলেজের শিক্ষক সূত্রে জানা গেছে, স্নাতক (পাস কোর্স) পরীক্ষার ফরম পূরণের ফি জাতীয় বিশ্ববিদ্যালয় যা নির্ধারণ করেছে তা-ই নেওয়া হচ্ছে। তবে দূরত্বের জন্য ২০০-৩০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (পাস কোর্স) প্রথম বর্ষে মানবিক ও বাণিজ্য শাখায় দুই হাজার ৩৬০ টাকা, বিজ্ঞান বিভাগের জন্য দুই হাজার ৪৬০ টাকা নির্ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য কলেজে ২৬০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দ্বিতীয় বর্ষে মানবিক ও বাণিজ্য শাখায় দুই হাজার ৫২০ টাকা, বিজ্ঞান শাখায় দুই হাজার ৫৬০ টাকা। এ বর্ষের পরীক্ষার্থীদের কাছ থেকেও ২৬০ টাকা যাতায়াত বাবদ নেওয়া হচ্ছে। তৃতীয় বর্ষের মানবিক ও বাণিজ্য শাখার জন্য তিন হাজার ২৪০ টাকা। এখানে ২৪০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এই বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে যাতায়াত ফি বাবদ ৩০০ টাকা নেওয়া হচ্ছে।
কলেজের স্নাতক (পাস) তৃতীয় বর্ষের ছাত্র মাহফুজ আহমেদ জানান, গত মঙ্গলবার ফি কমানোর কথা বলতে গেলে অধ্যক্ষ বলেন, ‘সুস্থ মস্তিষ্কে এসে ফরম পূরণ করে যাও।’
অধ্যক্ষ আবদুল খালেক শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীরা গত মঙ্গলবার এসে কলেজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। ফরম পূরণের টাকা কমানোর বিষয়টি ভেবে দেখা হচ্ছে।