অতিরিক্ত ফি ফেরত পায়নি এসএসসি পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা গতকাল মঙ্গলবার শেষ হলেও কিশোরগঞ্জের ভৈরবের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ফি ফেরত দেয়নি। এ নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভৈরবে ১৯টি মাধ্যমিক ও নয়টি মাদ্রাসাসহ ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এসএসসির ফরম পূরণ করেছে। এ ক্ষেত্রে অভিভাবকদের অভিযোগ, সব কটি শিক্ষাপ্রতিষ্ঠান নানা খাত দেখিয়ে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দেড় হাজার থেকে দুই হাজার পর্যন্ত অতিরিক্ত টাকা আদায় করেছে।
দেশের অন্যান্য স্থান থেকেও একই অভিযোগ পাওয়ার পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে ২০ জানুয়ারির মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশনা জারি করেন। আদেশ মানা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল এবং পর্ষদের সদস্যদের পরবর্তী তিন বছরের জন্য পরিচালনা পর্ষদ নির্বাচনে অযোগ্য হিসেবে গণ্য করা হবে।
আদালতের নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিলারা হাফিজ ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান টাকা ফেরত দিতে পৃথক পরিপত্র জারি করেন। আদেশের চিঠি ভৈরবের প্রতিটি প্রতিষ্ঠানপ্রধানের কাছে পৌঁছে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, নির্দিষ্ট তারিখের মধ্যে কত শিক্ষার্থীকে কত টাকা ফেরত দেওয়া হয়েছে, তা জানিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে জানাতে বলেছিলাম। ভৈরবের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান শেষ দিনেও ফেরত বা প্রতিবেদন জমা কোনোটিই করেনি।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘আমি দিনমজুর। দেড় হাজার টাকা বেশি দিয়ে আমার সন্তানের ফরম পূরণ করেছি। পরে টাকা ফেরত আনতে দুইবার স্কুলে গেছি। কাজ হয় নাই।’
বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম নজরুল ইসলাম বলেন, বোর্ড ফির বাইরেও কোচিং, বেতন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী খাতে কিছু টাকা বেশি নেওয়া হয়েছে।
বোর্ড ফির বাইরে ৫০০ টাকা অতিরিক্ত নেওয়ার কথা স্বীকার করে জেড রহমান প্রি. ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফরিদুল হাসান বলেন, ‘তুলনামূলকভাবে আমরা অন্য স্কুলের চেয়ে কম নিয়েছি। সুতরাং ফেরত দেব কী।’
শ্রীনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন জানান, বেতন ও সেশন খাত দেখিয়ে ১১০ শিক্ষার্থীর কাছ থেকে তাঁরা কিছু টাকা বেশি নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, নির্ধারিত তারিখের মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান টাকা ফেরত দেয়নি, এর দায়ভার ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে বহন করতে হবে।