রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ নেওয়া অতিরিক্ত টাকা ফেরতের দাবিতে গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। ঘণ্টা খানেক পর তালা খুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শাকিল আহম্মেদ জানায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় কোচিং ফি বাবদ ৫০০ টাকাসহ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা শিক্ষার্থীপ্রতি আদায় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ এখন (রোববার) পর্যন্ত কোচিং করানো হয়নি।
এভাবে প্রায় ৬৭ জন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। সম্প্রতি সরকারের ঘোষণা অনুযায়ী অতিরিক্ত ফি ফেরত দেওয়ার কথা থাকলেও এই বিদ্যালয়ে তা দেওয়া হচ্ছে না। তাই পরীক্ষার্থীরা দুপুরে বিদ্যালয়ে তালা দেয়। এক ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, কারও কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। উপজেলার অন্যান্য বিদ্যালয়ের তুলনায় এখানে অনেক কম টাকা নেওয়া হয়েছে। নির্ধারিত বোর্ড ফির সঙ্গে কোচিং ফি বাবদ ৫০০ টাকা করে নেওয়া হয়েছে সত্য; কিন্তু প্রাথমিক সমাপনী পরীক্ষার কেন্দ্র হওয়ায় বিদ্যালয়ে কোচিং শুরু করা সম্ভব হয়নি।
প্রধান শিক্ষক আরও বলেন, চলতি মাস থেকে কোচিং করানো হবে। তবে শিক্ষার্থীরা কোচিং না করতে চাইলে তাদের টাকা ফেরত দেওয়া হবে। এ নিয়ে আন্দোলন করার প্রয়োজন নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া গতকাল বলেন, ‘এমন অভিযোগ এখনো পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’