উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গতকাল সোমবার পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রি কলেজে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিক্ষকেরা এ জন্য কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীদের দোষারোপ করেছেন।
শিক্ষকেরা দাবি করেন, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের ২০-২৫ জন কর্মী বহিরাগতদের সঙ্গে নিয়ে কলেজের করণিকের (কেরানি) কার্যালয়ে ঢুকে এইচএসসি পরীক্ষার নির্ধারিত ফি কমানোর দাবি করেন। এ বিষয়ে শিক্ষকদের ছাত্র মিলনায়তনে আলোচনার আহ্বান জানিয়ে তাঁরা চলে যান। এর কিছুক্ষণ পর তাঁরা এসে অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেন। এ সময় তাঁরা অধ্যক্ষের কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষক আবুল কায়সার জানান, ফরম পূরণে অতিরিক্ত ফি ধার্য করায় কলেজের কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। এরা সবাই ছাত্রলীগের সঙ্গে জড়িত।
তবে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, অধ্যক্ষের দীর্ঘদিনের অনিয়ম এবং অতিরিক্ত ফি আদায়ের কারণে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা এই হামলা করেছে।
অধ্যক্ষ আবদুল কাদের জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তাঁর ধারণা, পরীক্ষার ফি নিয়ে অসন্তোষের কারণে কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।