অতিরিক্ত বিল নিয়ে তর্কাতর্কি থেকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনায় শিক্ষাসফর থেকে ফেরার পথে গত বুধবার দিবাগত রাতে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে একটি হোটেলের কর্মচারীরা শিক্ষার্থীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় অবস্থিত ‘হানিফ হাইওয়ে রেস্টুরেন্ট’। তবে গতকাল শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ঘটনাটির একটি মীমাংসা করা হয়েছে জানা গেছে। তবে শিক্ষার্থীরা মীমাংসা না মেনে বিক্ষোভ করেছে।
মারধরের শিকার শিক্ষার্থী ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী কলেজের দুই শতাধিক শিক্ষক শিক্ষার্থী নিয়ে পাঁচটি বাস ঢাকা থেকে ফেরার পথে ওই হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় দুজন শিক্ষার্থী তন্দুরি রুটি খায়। রুটির সংখ্যা নিয়ে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে হোটেল কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হোটেলের লোকজন শিক্ষার্থীদের মারধর করে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।
কলেজ সূত্রে জানা যায়, হোটেলে ওই দুই শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় হোটেল কর্মচারীরা এক জোট হয়ে এক শিক্ষককে কিলঘুষি মারতে মারতে হোটেল থেকে বাইরে নিয়ে আসে। আত্মরক্ষার্থে ওই শিক্ষক ছাত্রীদের বাসে আশ্রয় নেন। এ সময় বাইরে থাকা ছাত্ররা ধাওয়া করলে হোটেল কর্মচারীরা চলে যায়। একটু পর ২০-২৫ জন লোহার রড, লাঠিসোঁটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে ছাত্রীদের বাস ঘিরে ফেলে। কয়েকজন ভেতরে প্রবেশ করে ওই শিক্ষককে মারধর করে। আতঙ্কিত ছাত্রী ও নারী শিক্ষকেরা চিৎকার করতে থাকলে হামলাকারীরা তাঁদের গালিগালাজ করাসহ এক নারী শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে কলেজ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্ররা মারমুখী হয়ে উঠলে হামলাকারীরা হোটেলে ঢুকে পড়ে।
কলেজ অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস মুঠোফোনে বলেন, গত বৃহস্পতিবার কলেজে এসে বিষয়টি পরিচালনা কমিটির সদস্য ও অন্য শিক্ষকদের জানিয়েছেন।
এদিকে ওই হোটেলের ব্যবসায়িক অংশীদার ও ব্যবস্থাপক কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘বিল নিয়ে শিক্ষক ও ছাত্রদের সঙ্গে ঝামেলা হয়েছিল। আমরা এ সময় কিছু বুঝে না উঠতেই শিক্ষাসফরের লোকজন লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। তবে আমরা তাদের কিছুই বলিনি।’
ঘটনাটি মীমাংসা করতে গতকাল সন্ধ্যায় পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় মীমাংসা বৈঠক হয়। পাকশী নর্থ বেঙ্গল পেপার মিলস রেস্টহাউসে এ বৈঠক বসে। সিরাজগঞ্জ থেকে হোটেল ব্যবস্থাপক কামরুল ইসলামসহ চারজন এতে অংশ নেন। কলেজ অধ্যক্ষসহ উপস্থিত ছিলেন ঈশ্বরদী আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন মো. রশিদুল্লাহ, হাবিবুর ইসলাম প্রমুখ। মীমাংসার খবরে কলেজের শিক্ষার্থীরা রেস্টহাউসের সামনে বিক্ষোভ করে। পরে আওয়ামী লীগের নেতারা তাদের শান্ত করেন।