অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়ার তালিকা টানানোর পরও ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী পারাপারে গোপালপুর ঘাট থেকে মৈনট আন্তজেলা ঘাটে ট্রলার ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গোপালপুর ঘাট দিয়ে পদ্মা পার হয়ে মৈনট ঘাট হয়ে ঢাকায় যেতে কম সময় লাগায় চরভদ্রাসন ছাড়াও নগরকান্দা, সদরপুর ও ভাঙ্গা উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এই নৌপথটি ব্যবহার করে থাকে।
ভাড়া আদায়-সংক্রান্ত নানা অভিযোগ ওঠায় ১৪ জুলাই ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ পথে পারাপারের জন্য প্রত্যেক যাত্রীর কাছ থেকে স্পিডবোটে ১৩০ টাকা ও ট্রলারে ৬৫ টাকা নেওয়ার নির্দেশনা-সংবলিত একটি তালিকা টানিয়ে দেওয়া হয়।
কিন্তু তা উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে ট্রলারে ১০০ টাকা ও স্পিডবোটে ২০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এ ছাড়া রাত হলেই স্পিডবোটে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত আদায় করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নগরকান্দা উপজেলার মনির হোসেন বলেন, গত সোমবার তিনি স্পিডবোটে করে গ্রামের বাড়িতে আসেন। এ জন্য তাঁকে ২০০ টাকা ভাড়া দিতে হয়েছে। এদিকে তালিকা অগ্রাহ্য করে ভাড়া নেওয়ায় গত বৃহস্পতি ও শুক্রবার নির্বাহী হাকিম ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি তিনটি স্পিডবোটকে ২০০ টাকা করে এবং সাতটি ট্রলারকে ৫০ টাকা করে জরিমানা করেন।
কিন্তু এরপর ট্রলার ও স্পিডবোট মালিকেরা যাত্রীদের গোপালপুর ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গফুর মৃধার ডাঙ্গি গ্রামে নামিয়ে দিচ্ছেন। ফলে অতিরিক্ত ভাড়া দিয়েও হেঁটে গোপালপুর ঘাটে আসতে হচ্ছে। সদর উপজেলার আসমা বেগম বলেন, তিনি ঢাকা থেকে আসছিলেন। এ সময় তাঁকে গোপালপুর ঘাটে না নামিয়ে দেড় কিলোমিটার দূরে পদ্মার চরে নামিয়ে দেওয়া হয়।
ইউএনও মো. নাসির উদ্দিন বলেন, যাত্রীদের দেড় কিলোমিটার দূরে নামিয়ে দেওয়া হচ্ছে কি না, সে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
গোপালপুর ঘাটের ইজারাদারের অংশীদার আলী আহম্মেদ জানান, ঘাটের ইজারা তাঁরা কয়েক মাস আগে নিয়েছেন। তাঁর দাবি, যে হারে তাঁরা ভাড়া নেন, সেই ভাড়া বিবেচনা করেই ইজারা নিয়েছেন। তালিকা টানানো হবে জানলে ঘাট ইজারা নিতেন না।