অতিরিক্ত মদ্যপান, প্রাণ গেল স্বামী-স্ত্রী-শ্যালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম সুইপার কলোনিতে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হরিজন সম্প্রদায়ের যদু লাল (৬২), তাঁর স্ত্রী রিনা বালা (৪০) ও যদু লালের শ্যালক রঞ্জন (২৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাতে রাতে কাশীরাম সুইপার কলোনির যদু লালের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে অন্যদের সঙ্গে ওই তিনজন নিজেদের তৈরি মদ পান করে ঘুমিয়ে পড়েন। আজ মঙ্গলবার সকালে রিনা বালা ও তাঁর ভাই রঞ্জনকে ঘরের বিছানাতেই মৃত অবস্থায় পান পরিবারের সদস্যরা। পরে গুরুতর অসুস্থ যদু লালকে পরিবারের সদস্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আহসান হাবিব বলেন, ‘শুনেছি অতিরিক্ত মদ্যপানে বাড়িতেই দুজনের মৃত্যু হয়েছে। যদু লালকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়েছে।’

সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ মঙ্গলবার দুপুরে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত মদ পানের কারণে ওই তিনজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে ওই মদ বিষাক্ত ছিল কি না, জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’