অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা এলাকায় অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে দুজনের এবং আজ বৃহস্পতিবার সকালে একজনের মৃত্যু হয়।

এই তিনজন হলেন আবদুর রহমান (৩৫), তাঁর বন্ধু জামাল হোসেন (৩৫) ও আবদুর রহমানের শ্যালক মীর সোহেল (২০)। আবদুর রহমান মুগদার মাণ্ডা কদম আলী ঝিলপাড় এলাকায় জার্মানি বিল্ডিংয়ে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সোহেল শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আবদুর রহমানের ভাই আবদুর রাজ্জাক বলেন, তাঁরা গতকাল রাতে অতিরিক্ত মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে ভাইকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। তিনি বলেন, জামাল হোসেন আজ সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গতকাল রাতে স্ত্রী বাসায় না থাকায় রহমান তাঁর শ্যালক সোহেল ও বন্ধু জামালকে নিয়ে মদ্যপান করেন। অতিরিক্ত মদ্যপান করায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন রহমান ও জামালকে উদ্ধার করে রাত ১২টার দিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন। আর রাত তিনটার দিকে মুগদার একটি হাসপাতালে সোহেলকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে জামালের মৃত্যু হয়।