অতিরিক্ত যাত্রী পরিবহন দুটি জাহাজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত যাত্রী বহনের দায়ে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচলকারী দুটি পর্যটকবাহী জাহাজকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি জাহাজ অতিরিক্ত যাত্রী পারাপার করছিল। অভিযানে এলসিটি কাজলকে ৬০ হাজার ও বে ক্রুজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ শফিউল আলম জানান, জাহাজগুলো ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে সকালে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এরপর বিকেলে একই যাত্রী নিয়ে টেকনাফে ফিরে আসার কারণে তাদের জরিমানা করা হয়েছে।