অতিরিক্ত সেশন ও ভর্তি ফি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেসরকারির উচ্চবিদ্যালয়ের তুলনায় একমাত্র সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি ও সেশন ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, বই উৎসবের পরদিন থেকে উপজেলার একটি সরকারি ও ৩৪টি বেসরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার কয়েকটি উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, প্রতিটি বিদ্যালয়েই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে। এ সময় পৌর শহরের নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল খালেক বলেন, তাঁরা দুই মাসের বেতনসহ ভর্তি ফি নিচ্ছেন ১ হাজার ২৪০ টাকা।
চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্রবাল কান্তি মজুমদার বলেন, তাঁদের বিদ্যালয়ে ভর্তি ও শ্রেণি পরিবর্তন (সেশন) ফি হিসেবে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। মুশুলি ইউনিয়নের খুর্শেদ এলিনর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনা খাতুন বলেন, তাঁর প্রতিষ্ঠানে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। এ ছাড়া এখানে দরিদ্র শিক্ষার্থীদের জন্য কিছু সুবিধা রাখা হয়েছে। তবে পৌর শহরের চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সেখানে ভর্তি ফি হিসেবে ষষ্ঠ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১ হাজার ৭৪০ টাকা করে নেওয়া হচ্ছে। একই হারে সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শিক্ষার্থীর কাছ থেকে সেশন ফি আদায় করা হচ্ছে।
অন্তত ১০ জন অভিভাবক অভিযোগ করে বলেন, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি ফি বেসরকারির তুলনায় কম হওয়ার কথা। অথচ উপজেলার ৩৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে এখানে বেশি ফি আদায় করা হচ্ছে। এ ছাড়া সেশন ফির নামে একই পরিমাণ (১ হাজার ৭৪০) টাকা করে নেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার এক কাউন্সিলর বলেন, ‘সরকারি সুবিধা থেকেও এখন আমাদের সন্তানদের বঞ্চিত করা হচ্ছে।’ তবে এ বিষয়ে চণ্ডীপাশা সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান মো. নাজির উদ্দিন আহমেদ বলেন, সরকারি প্রজ্ঞাপনে যা বলা হয়েছে, তা-ই তিনি অনুসরণ করছেন। ভর্তি হওয়ার পর রসিদ না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, রসিদ ছাপাতে দেওয়া হয়েছে। তা এলেই দিয়ে দেওয়া হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর আলম বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।