অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা কামাল বাজারের ইজারাদার আগের তুলনায় ১০ গুণ বেশি হাসিল আদায় করছেন বলে অভিযোগ করেছেন বাজারের ফুটপাতের ব্যবসায়ীরা।
গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কামাল বাজারের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব দাবি জানান। ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান মো. নজরুল।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১১ সাল থেকে সিটি করপোরেশনের ইজারাদারেরা মূল কামাল বাজারে ঢুকতে পারছেন না। কারণ ওই বছর থেকে বাজারের মালিকানা দাবি করে একটি পক্ষ ইজারাদারকে ঢুকতে দিচ্ছে না। ফলে বাজারের ইজারাদারেরা প্রতিবছর কাঁচাবাজারের রাস্তার পাশে ফুটপাতে বসা ব্যবসায়ীদের কাছ থেকে হাসিল আদায়ের মাধ্যমে ইজারার টাকা তুলে নিচ্ছেন।
ইজারাদার দেলোয়ার হোসেন বলেন, ‘মূল বাজারটির মালিকানা সিটি করপোরেশনের নয় দাবি করে ওখানকার ব্যবসায়ীরা ঢুকতে দিচ্ছেন না। আগেরবারের চেয়ে বেশি টাকা দিয়ে ইজারা নিয়েছি। সেটি পোষাতে ওখানকার ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনা করে ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে আগের চেয়ে ১০ টাকা বেশি হাসিল নিচ্ছি। তবে ১০ গুণ বেশি হাসিল আদায়ের অভিযোগ সত্যি নয়।’
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কাগজপত্র খতিয়ে দেখে বাজারের মালিকানা সম্পর্কে বলতে পারব। তবে কামাল বাজার নিয়ে কোনো অভিযোগের কথা শুনিনি।’