রংপুর নগরের দুটি বড় পশুর হাটে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে। গরুপ্রতি ৩০০ টাকা হাসিল নেওয়ার কথা থাকলেও অতিরিক্ত আরও ২০০ টাকা নিচ্ছেন ইজারাদারেরা। তা ছাড়া বিক্রেতাদের কাছ থেকেও ২০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
নগরের লালবাগ ও বুড়িরহাট জেলার সবচেয়ে বড় পশুর হাট। এই দুই হাটে নগর ছাড়াও দূর-দূরান্তের মানুষও কোরবানির পশু কিনতে আসে।
রংপুর সিটি করপোরেশনের হাট-বাজার শাখার প্রধান ফরিদ উদ্দিন জানান, লালবাগ ও বুড়িরহাটে ক্রেতাদের কাছে গরুপ্রতি ৩০০ টাকা হাসিল নেওয়ার নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু বিক্রেতাদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই।
গতকাল সোমবার সরেজমিনে হাট দুটিতে অতিরিক্ত ও নিয়মের বাইরে হাসিল নিতে দেখা গেছে। বুড়িরহাটে একটি গরু কিনছিলেন রংপুর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা আল আমিন। তাঁকে ৫০০ টাকার রসিদ ধরিয়ে দেওয়া হয়। তিনি সেই টাকা পরিশোধও করেন। এ সময় বিক্রেতা গঙ্গাচড়া উপজেলার চেংমারী গ্রামের বিপ্লব মিয়াও ২০০ টাকা দেন। ইজারাদারের লোক রসিদ ছাড়াই সেই টাকা নেন।
ক্রেতা আল আমিন বলেন, ‘শুনেছি, সিটি করপোরেশনের পক্ষ থেকে গরুপ্রতি ৩০০ টাকা হাসিল নির্ধারণ করা রয়েছে। কিন্তু নেওয়া হলো ৫০০ টাকা। প্রতিবাদ করেই–বা লাভ কী?’
এ বিষয়ে বুড়িরহাটের ইজারাদার ইলিয়াছ হোসেন বলেন, ঈদ উপলক্ষে ক্রেতাদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। তবে অন্য সময় নেওয়া হয় ৩০০ টাকাই। তিনি বিক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
লালবাগ হাটেও একই পরিস্থিতি। শহরের সেনপাড়ার নূর হোসেন বলেন, ‘৩০০ টাকার জায়গায় গরুপ্রতি ৫০০ টাকা দেওয়া না হলে গরু ছাড় করা যায় না। তাই বাধ্য হয়ে ২০০ টাকা দিয়েছি।’
শহরের শালবন এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামের কাছ থেকেও ৫০০ টাকা নেওয়া হয়েছে। কিন্তু তাঁকে রসিদ দেওয়া হয়েছে ৩০০ টাকার। একই অভিযোগ করলেন ওই হাটের আরও কয়েকজন ক্রেতা।
এ বিষয়ে ওই লালবাগ হাটের ইজারাদার আবদুল্লাহেল কাফি বলেন, ঈদে কর্মচারীসহ আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।
যোগাযোগ করলে জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, সিটি করপোরেশন থেকে গরুপ্রতি ৩০০ টাকা হাসিল নির্ধারণ করা হয়েছে। ৫০০ টাকা নেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। অতিরিক্ত টাকা না নিতে ইজারাদারদের বলা হয়েছে। তাঁরা তা না মানলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।