অতিষ্ঠ হয়ে বাবাকে খুন!

চট্টগ্রামের পটিয়ায় মোশারফ হোসেন (৬০) নামের এক ব্যক্তিকে তাঁর ছেলে মোহাম্মদ সাইফুদ্দিন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাইফুদ্দিনকে (২২) আটক করা হয়েছে। পুলিশ জানায়, সাইফুদ্দিন বলেছে, বাবার আচরণে অতিষ্ঠ হয়ে তিনি বাবাকে হত্যা করেছেন।
গতকাল বুধবার রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের সিতাবিধু গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। আজ সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এমরান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাইফুদ্দিন পুলিশের কাছে স্বীকার করেছেন, তাঁর বাবার খারাপ আচরণে অতিষ্ঠ ছিলেন তিনি। তাই গতকাল বুধবার রাতে বাবা মোশারফ হোসেনের হাত-পা বেঁধে বুকের ওপর উঠে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। সাইফুদ্দিন আরও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁদের পরিবারের মধ্যে অশান্তি চলে আসছে। বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। প্রায়ই তাঁর সামনে মাকে নির্যাতন করতেন। এ কারণে ছোটবেলায় তাঁর ছোট বোন খালার বাসায় চলে যায়। নির্যাতনের কারণে গত ফেব্রুয়ারি মাসে তাঁর মাও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তিনি পড়ালেখা করতে চেয়েছিলেন। কিন্তু বাবা তাঁকে পড়তে দেননি। বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিনের তিক্ততার ফলেই এ ঘটনা ঘটেছে।
এর আগে সাইফুদ্দিনের ছোট বোন মেরিনা মুরিচ পটিয়া থানা-পুলিশকে জানিয়েছিলেন, তাঁর বড় ভাই সাইফুদ্দিন মানসিকভাবে ভারসাম্যহীন। আবার একই সময়ে তাঁর কয়েকজন আত্মীয় বলেছেন, মোশারফ হোসেন সাতকানিয়ায় বিদ্যুতের কাজ করতে গিয়ে মারা গেছেন। তবে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এমরান ভূঁইয়া বলেন, সাইফুদ্দিন মানসিকভাবে ভারসাম্যহীন নয়।