অত্যাধুনিক ড্রোন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে আটক করা ড্রোন
বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে আটক করা ড্রোন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে গত মঙ্গলবার রাতে শুল্ক গোয়েন্দারা আমদানি নিষিদ্ধ একটি অত্যাধুনিক ড্রোন (চালকবিহীন বিমান) আটক করেছে। শারজা থেকে আসা যাত্রী জাহিদুল ইসলামের (৪০) ব্যাগ থেকে ড্রোনটি আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে শারজা থেকে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনসের (ফ্লাইট নম্বর এ ৯০৫১৫) যাত্রী নজরুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পাসপোর্ট অনুযায়ী তাঁর নাম নজরুল ইসলাম, গ্রাম ভুরকাপাড়া। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী নজরুল ইসলামকে আগে থেকেই নজরদারিতে রেখেছিলেন শুল্ক গোয়েন্দারা। কোনো রকম ঘোষণা না দিয়ে তিনি কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় তাঁকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ড্রোন থাকার কথা অস্বীকার করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তল্লাশি চালিয়ে তাঁর সঙ্গে থাকা লাগেজ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সরকারের পূর্ব অনুমোদন ছাড়া ড্রোন আমদানি করা যায় না এবং এটি উড্ডয়নের আগে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। ড্রোন নানা ধরনের নাশকতার কাজে ব্যবহার হতে পারে, এই আশঙ্কায় সম্প্রতি বাংলাদেশে আমদানির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
মইনুল খান বলেন, ড্রোনটি ডিজিআই প্যান্থম ৪ মডেলের। এতে উন্নতমানের ক্যামেরা ও সেন্সর লাগানো আছে। রিমোটের সাহায্যে এটি পরিচালনা করা হয়। এটি প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে চলতে পারে। ড্রোনটি শুটিংয়ের পাশাপাশি গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করা যায়। এটি আনতে সরকারের অনুমতি নেওয়া হয়নি। যাত্রী নজরুল ইসলাম ড্রোনটির বাহক। তাঁর পরিচিত এক ব্যক্তি ড্রোনটি ঢাকায় একজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিলেন। পাসপোর্ট রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রয়োজনে তাঁকে আটক করা হবে।
এর আগে ২৭ জুলাই শুল্ক গোয়েন্দারা আরেকটি ড্রোন আটক করেছিল। ড্রোনটি আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি বিমানবন্দর কাস্টমসে জমা দেওয়া হবে।