অথই সাগরে সাবেরের স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেট্রলবোমায় দগ্ধ সাবের আহমদের মৃত্যুতে স্ত্রী কামরুন নাহারের (ডানে) কান্না
পেট্রলবোমায় দগ্ধ সাবের আহমদের মৃত্যুতে স্ত্রী কামরুন নাহারের (ডানে) কান্না

মেয়ের জন্মের ১৭ দিনের মাথায় পৃথিবী থেকে বিদায় নিতে হলো সাবের আহমদকে। দুধের এই শিশুটি বাবার স্মৃতি কোনো দিন মনে করতে পারবে না। চার বছরের ছেলে সামিরেরও কি মনে থাকবে বাবার কথা!
এই দুটি অবুঝ সন্তান নিয়ে এখন অথই সাগরে পড়েছেন সাবেরের স্ত্রী কামরুন নাহার। পেট্রলবোমায় কেড়ে নিয়েছে স্বামীর প্রাণ। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাঁকে। মৃত্যুর সময় স্বামীর পাশেই ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসক সাবেরকে মৃত ঘোষণার সঙ্গে সঙ্গে আর্তনাদ করে ওঠেন কামরুন।
কামরুন নাহার বলেন, ‘আল্লাহ তোমাকে আয়ু কেন এত কম দিল! আমার দুধের বাচ্চাদের নিয়ে কার কাছে যাব? কে আমার বাচ্চাদের দেখবে? আমাকে কেন এই শাস্তি দিলা আল্লাহ।’ স্বামীর অবস্থা খারাপ শুনে সন্তানদের রেখে এসেছিলেন কামরুন। মৃত্যুর পর লাশ মর্গে রেখেই তিনি ফিরে যান সন্তানদের কাছে।
সিএনজিচালিত অটোরিকশা চালাতেন সাবের আহমদ (২৮)। গত বুধবার রাতে হাটহাজারীর বুড়ি পুকুরপাড় এলাকায় চলন্ত অটোরিকশায় দগ্ধ হন তিনি। একই সঙ্গে যাত্রী রণজিৎ নাথও দগ্ধ হয়েছিলেন। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। রণজিৎ বৃহস্পতিবার রাতে মারা যান। সাবেরও তাঁর পথ ধরলেন।
হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক মো. এস খালেদ বলেন, ‘সাবেরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁকে বাঁচানো যায়নি। সকাল সাড়ে আটটায় আইসিইউতে তিনি মারা যান।’
সাবের আহমদ ফটিকছড়ির মাইজভান্ডার গ্রামের বাসিন্দা। তাঁর লাশ ময়নাতদন্ত শেষে বিকেলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা।