অধিক মুনাফার লোভ দেখিয়ে টাকা নিয়ে উধাও
অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এক মহিলা অপর দুই মহিলার প্রায় পৌনে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকায়।
ভুক্তভোগী কলাদী এলাকার গৃহবধূ রুমানা বেগম বলেন, এনজিওর কর্মী পরিচয় দিয়ে রাশেদা বেগম নামের এক মহিলা দেড় বছর আগে তাঁর (রুমানা) বাসার পাশে শহীদ উল্লাহর বাসার একটি কক্ষ ভাড়া নেন। তাঁদের বাড়ি উপজেলার পিংড়া গ্রামে বলে জানান তাঁরা। ছয় মাস আগে ওই মহিলা প্রতি লাখে মাসে ১০ হাজার টাকা মুনাফা দেওয়ার কথা বলে রুমানার কাছ থেকে প্রায় আড়াই লাখ এবং প্রতিবেশী এক মহিলার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন। প্রথম তিন মাসে তাঁদের দুজনকে রাশেদা লাভ হিসাবে পাঁচ হাজার টাকা করে দেন। এরপর তিনি আর টাকা দেননি। লাভ ও আসল টাকা চাইলে নানা অজুহাতে দেব-দিচ্ছি করে সময় পার করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাশেদার বাসায় গিয়ে দরজায় তালা দেখে বিষয়টি বাড়ির মালিককে জানালে তিনি তালা ভেঙে ভেতর ঢুকে দেখেন—সেখানে মালামাল, কাপড়চোপড় কিছুই নেই।
রুমানা অভিযোগ করেন, ওই মহিলার মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। লাভের আশায় অনেক কষ্টে জমানো ওই টাকা তাঁরা দিয়েছিলেন। এখন তাঁর এবং তাঁর প্রতিবেশীর মোট ৪ লাখ ৭০ হাজার টাকা নিয়ে ওই মহিলা উধাও হয়েছেন। বিষয়টি তিনি পুলিশকে জানাবেন।