অধিকতর তদন্তের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে সম্মাননার সঙ্গে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি গঠন-সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন করেছেন। 
প্রথম আলোর প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। তিন সদস্যের কমিটিতে অন্য দুজন সদস্য যুগ্ম সচিব পদমর্যাদার। এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। 
যাঁদের বিরুদ্ধে ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ছিল, তাঁদের মধ্যে সচিব পদমর্যাদার কর্মকর্তাও ছিলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্র এ কথা উল্লেখ করে জানিয়েছে, বিভাগীয় কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করানোর সিদ্ধান্তটি প্রশ্নের মুখে পড়ে। সরকারের ঊর্ধ্বতন মহলও এ বিষয়টি ভালোভাবে নেয়নি। এরই পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে অধিকতর তদন্তের অনুরোধ জানানো হয়। 
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একাধিক অনুরোধের পরিপ্রেক্ষিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে প্রধানমন্ত্রীর অনুমতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় তা অনুমোদন করার পর গতকাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। 
এর আগে গত ৭ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে একটি বৈঠক হয়। ওই বৈঠকে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি তদন্ত করতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। আগের ওই তদন্ত কমিটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক ও বর্তমান সচিবসহ কয়েকজনকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। 
উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রথম আলোয় ‘ক্রেস্টের স্বর্ণের ১২ আনাই মিছে’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এতে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।