বেসরকারি সংস্থা ব্রতী বলেছে, তিন সিটি করপোরেশন নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে কোনো না কোনো অনিয়ম হতে দেখা গেছে। নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেলেও অনিয়ম ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের নির্বাচন বর্জনের কারণে শেষ পর্যন্ত তা ম্লান হয়ে যায়। তবে সামগ্রিক নির্বাচনী পরিবেশ ছিল অসহিংস ও শান্তিপূর্ণ।
ব্রতীর নির্বাচন পর্যবেক্ষণের প্রাথমিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রতী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগ ও তরুণ সংগঠন জাগো ফাউন্ডেশনকে সঙ্গে নিয়ে ব্রতী ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১০১টি ওয়ার্ডে মোট ২১৬টি কেন্দ্র পর্যবেক্ষণ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ কেন্দ্রে শুরু থেকে ভোটারের উপস্থিতি মোটামুটি ভালো হলেও দুপুর ১২টার পর থেকে উল্লেখযোগ্য হারে ভোটারের উপস্থিতি কমতে থাকে। বেলা দুইটার পর একেবারেই কমে যায়। সব কেন্দ্রে সরকারি দল-সমর্থিত মেয়র পদপ্রার্থীর এজেন্ট দেখা গেলেও অধিকাংশ কেন্দ্রে বিএনপি-সমর্থিতসহ অন্যান্য মেয়র পদপ্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। ভোটকক্ষে পর্যাপ্ত গোপনীয়তার ব্যবস্থা ছিল না। কেন্দ্রের ভেতরে সরকার-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে দেখা গেছে। সরকারি দলের সাংসদকে সঙ্গে নিয়ে মিছিল করতে দেখা গেছে। কিছু কেন্দ্রে জাল ভোট দিতে দেখা গেছে। তবে ব্রতী বলেছে, পর্যবেক্ষণ করা কেন্দ্র থেকে সহিংসতার কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে ব্রতী বলেছে, এসব অনিয়ম ও অব্যবস্থাপনা প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের উদ্যোগী ভূমিকা দেখা যায়নি।