কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের অধিকাংশ টিকিট বিক্রি করছেন কালোবাজারিরা। অতিরিক্ত টাকার বিনিময়ে বুকিং সহকারীরা কালোবাজারিদের হাতে এসব টিকিট তুলে দেন বলে অভিযোগ রয়েছে।
চট্টগ্রামে যাওয়ার জন্য কিশোরগঞ্জের তাড়াইলের তালজাঙ্গা ইউনিয়নের আকবপুর গ্রামের সাগর আহমেদ নামের এক তরুণ গত সোমবার সকালে ভৈরব রেলস্টেশনে আসেন।
কাউন্টারে গিয়ে আন্তনগর মহানগর প্রভাতী ট্রেনের টিকিট চাইতেই তাঁকে জানানো হয়, পাঁচ দিন আগেই টিকিট শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর তিনি প্ল্যাটফর্মের ভেতরে অবস্থিত ‘মীম স্টেশনারি শপ’ থেকে একটি টিকিট সংগ্রহ করেন। এর জন্য তাঁকে অতিরিক্ত ১০০ টাকা গুনতে হয়।
সাগর জানান, কাউন্টার থেকে নাই ছাড়া আছে বলা হয় না। বাধ্য হয়েই কালোবাজারিদের কাছ থেকে বেশি টাকা দিয়ে টিকিটি কিনতে হয়।
অনুসন্ধানে জানা গেছে, ভৈরব স্টেশনের টিকিটের প্রায় ৮০ ভাগই চলে যায় কালোবাজারিদের হাতে। ঢাকার টিকিটপ্রতি ২০ টাকা, চট্টগ্রামের টিকিটপ্রতি ৫০ টাকা ও অন্যান্য অঞ্চলের টিকিটের ক্ষেত্রেও অতিরিক্ত টাকা নিয়ে তা কালোবাজারিদের হাতে তুলে দিচ্ছেন বুকিং সহকারীরা।
তবে টিকিট কালোবাজারির কথা স্বীকার করলেও নিজেদের দোষ অস্বীকার করে বুকিং সহকারী দিদার মোল্লা, ফজলুর রহমান, হাবিবুর রহমান, জামিল আহমেদ ও নজরুল ইসলাম বলেন, টিকিটের জোগানের বিপরীতে দ্বিগুণের বেশি চাহিদা থাকায় কিছুটা এদিক-সেদিক হচ্ছে।
ভৈরব রেলস্টেশন সূত্র জানায়, ভৈরব স্টেশন থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-নোয়াখালী, ঢাকা-ময়মনসিংহ রেলপথে ১৮টি আন্তনগর ট্রেন আসা-যাওয়া করে। টিকিট দেওয়া শুরু হওয়ার সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায়।
গত ডিসেম্বর মাসের হিসাব অনুযায়ী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ৩ হাজার ১৬৩টি আসনের বিপরীতে টিকিট বিক্রি হয়েছে ৬ হাজার ৯৪১টি। ফলে ওই ট্রেনের ৩ হাজার ৭৭৮ জন যাত্রীকে দাঁড়িয়ে যেতে হয়েছে। এ ছাড়া চট্টলা ট্রেনের ২ হাজার ৯০, তূর্ণা নিশীথার ১ হাজার ৬৪৩, ঢাকাগামী মহানগর প্রভাতীর ৪ হাজার ৩১, এগারসিন্দুর প্রভাতী ২ হাজার ৪৯৫, এগারসিন্দুর গোধূলী ১ হাজার ৪০৮ যাত্রী দাঁড়িয়ে গন্তেব্যে গেছেন।
এই চাহিদাকে কাজে লাগিয়ে স্থানীয় ইসলাম উদ্দিন, হুমায়ুন মিয়া, মিজান মিয়া, বাবু আহমেদ, মতি মিয়া, জাহাঙ্গীর মিয়া, লিটন মিয়া, তুহিন মিয়া, ফালু মিয়া, জাকির হোসেন, মোমেন মিয়া ও আনিসুর রহমান টিকিট কালোবাজারির চক্র গড়ে তুলেছেন।
সোমবার সরেজমিনে দেখা যায়, বাবু ও মতি কাউন্টারের কাছেই তাঁর মীম স্টেশনারি শপে প্রকাশ্যে টিকিট বিক্রি করছেন। অন্য কালোবাজারিরা ট্রেন আসার আগে প্ল্যাটফর্মে ও বাইরে দাঁড়িয়ে টিকিট বিক্রি করছেন।
তবে টিকিটের অর্ধেকের বেশি বিক্রি হয় মুঠোফোনে। ভৈরবের বাইরের অসংখ্য যাত্রীর কাছে রয়েছে কালোবাজারিদের মুঠোফোন নম্বর। টিকিট বিক্রির সময় কথা হয় বাবুর সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যরা আমার চেয়ে বেশি টিকিট বিক্রি করেন।’ ইসলাম জানান, ধীরে ধীরে তিনি কালোবাজারি থেকে বের হয়ে আসবেন।
স্টেশন এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিচিত মুখ ও প্রভাবশালীদের বেলায় কিছুটা ছাড় থাকলেও সাধারণ মানুষের কাছ থেকে ঢাকার টিকিটপ্রতি নির্ধারিত দামের চেয়ে ৫০ থেকে ১০০ টাকা ও চট্টগ্রামের টিকিটে ১০০ থেকে ১৫০ টাকা বেশি নেন কালোবাজারিরা।
এ ব্যাপারে স্টেশনমাস্টার খলিলুর রহমান বলেন, ‘অসংখ্যবার পুলিশের কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছি। কিছুতেই কিছু হচ্ছে না।’
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, গত ছয় মাসে তাঁরা লিটন ও আকাশ নামের দুই কালোবাজারিকে গ্রেপ্তার করেছেন।