অধিকাংশ দুস্থ ঈদের আগে ভিজিএফের গম পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় বগুড়ার ধুনট উপজেলার ৭টি ইউনিয়নের ১১ হাজার ৪৩২ দুস্থ ব্যক্তি গম পাচ্ছেন না। খাদ্যগুদামে গমের মজুদ ও সরবরাহ না থাকায় ওই দুস্থ ব্যক্তিরা ঈদের আগে এই গম পাচ্ছেন না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের ১৬ হাজার ১৮৭ দুস্থ ব্যক্তির নাম তালিকাভুক্ত করা হয়। এ বছর প্রত্যেক দুস্থ ব্যক্তির জন্য ১০ কেজি করে গম বরাদ্দ দেওয়া হয়। ঈদের আগেই এই গম তাঁদের মধ্যে বিতরণ করার কথা। সে অনুয়ায়ী আজ রোববারসকালে বিতরণের জন্য ধুনট সদর, এলাঙ্গী ও গোসাইবাড়ী—এ ৩টি ইউনিয়নের ৪ হাজার ৭৫৫ জনের নামে ১০ কেজি করে বরাদ্দকৃত গম গতকাল শনিবার সকালে উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করা হয়। বাকি ৭টি ইউনিয়নের ১১ হাজার ৪৩২ ব্যক্তির নামে বরাদ্দ গমের মজুদ খাদ্যগুদামে না থাকায়, তা উত্তোলন ও বিতরণ করা সম্ভব হবে না।

উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক হেলাল বলেন, তাঁর ইউনিয়নের ১ হাজার ৪৯০ দুস্থ ব্যক্তির নামের বরাদ্দকৃত গম গতকাল সকালে উপজেলা খাদ্যগুদাম থেকে উত্তোলন করা হয়েছে, যা আজ বিতরণ করা হবে।

গোপালনগর ইউপির চেয়ারম্যান গোলাম হোসেন সরকার বলেন, তাঁর ইউনিয়নের ১ হাজার ৭০০ দুস্থ ব্যক্তির নামে বরাদ্দকৃত গমের চাহিদাপত্র খাদ্যগুদাম কর্মকর্তাদের কাছে জমা রয়েছে। কিন্তু গুদামে গমের মজুদ ও সরবরাহ না থাকায়, তা উত্তোলন করা সম্ভব হয়নি। এ কারণে ঈদের আগে গম বিতরণ করা সম্ভব নয়।

উপজেলা খাদ্য কর্মকর্তা ইউনুস আলী মণ্ডল বলেন, ৩টি ইউনিয়নের গম খাদ্যগুদাম থেকে দেওয়া হয়েছে। বাকি ৭টি ইউনিয়নের গম গুদামে মজুদ না থাকায় দেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, তালিকাভুক্ত দুস্থ ব্যক্তিদের মধ্যে বরাদ্দকৃত গম ঈদের আগেই বিতরণ করার কথা ছিল। কিন্তু তালিকার চাহিদামতো গমের মজুদ উপজেলা খাদ্যগুদামে না থাকায় চেয়ারম্যানদের কাছে সরবরাহ করা যায়নি। ঈদের পর অন্য গুদাম থেকে গম এনে দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে।