অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে কাগুজে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌন হয়রানি প্রতিরোধ
যৌন হয়রানি প্রতিরোধ

চারটি স্বায়ত্তশাসিতসহ নয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন প্রতিরোধ কমিটিগুলোর বেশির ভাগই কার্যত কাগুজে কমিটিতে পরিণত হয়েছে। শিক্ষার্থীরাও এগুলোর কার্যক্রম সম্পর্কে কিছু জানেন না। প্রায় আড়াই দশকের পুরোনো এই বিশ্ববিদ্যালয়গুলোর মাত্র দুটিতে এই কমিটি বা অভিযোগকেন্দ্র সক্রিয়।
নয়টি বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও তা পাঁচ বছর ধরে অকার্যকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে কমিটির কার্যকারিতা নিয়ে শিক্ষার্থীদের মনে প্রশ্ন আছে। রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ে কমিটি থাকলেও এর কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা তেমন কিছু জানেন না। একমাত্র ব্যতিক্রম জাহাঙ্গীরনগর এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এ দুটি বিশ্ববিদ্যালয়ে ওই কমিটি সক্রিয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি বলছে, দেশের ৩৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮টিতে অভিযোগ কমিটি আছে, সাতটিতে নেই। এগুলো হলো বুয়েট, বরিশাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউজিসিকে কমিটি গঠনের কথা জানিয়েছে। কিন্তু ওই কমিটির কোনো বিবরণ দেয়নি। আর দেশের ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৩৪টিতে অভিযোগ কমিটি গঠন করা হয়েছে।
২০০৯ সালের ১৪ মে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কয়েকটি দিকনির্দেশনাসহ রায় দেন হাইকোর্ট। ওই রায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগকেন্দ্র এবং তা পরিচালনার জন্য ন্যূনতম পাঁচ সদস্যের কমিটি থাকার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশনায় আরও বলা হয়, কমিটির প্রধান হবেন একজন নারী। বাকি চার সদস্যের মধ্যে একাধিক নারী সদস্য থাকবেন। এরপর ইউজিসি হাইকোর্টের নির্দেশনা অনুসারে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা প্রণয়ন ও কমিটি গঠনের নির্দেশ দেয়। মূলত তারপরে দেশের বিশ্ববিদ্যালয়গুলো যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগকেন্দ্র গঠন করা শুরু করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর ধরে যৌন নিপীড়নবিরোধী কমিটি অকার্যকর। আজ পর্যন্ত ওই কমিটি একটি বৈঠকও করেনি।
২০০৯ সালের ২৭ ডিসেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে যৌন নিপীড়নবিরোধী তথ্যানুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ওই কমিটি গঠনে উচ্চ আদালতের নির্দেশনা মানা হয়নি। সিন্ডিকেট সদস্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটিতে নারী সদস্য একজন।
ওই কমিটির বিষয়ে জানতে চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, তিনি বিদেশে আছেন। তবে কমিটির একমাত্র নারী সদস্য অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম বলেন, কমিটি তো কেবল নামেই আছে। একে কার্যকর করা হয়নি। আরেক সদস্য সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এফ এম মেজবাহউদ্দিন বলেন, ‘ওটা তো অনেক দিনের পুরোনো, আমার ভালো করে মনেও নেই। কোনো সভাও হয়নি।’
যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর কমিটির অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগগুলো অমীমাংসিত থেকে যাচ্ছে। ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। পরদিন শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এ পর্যন্ত ওই ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করা হয়নি। সাম্প্রতিক এ ঘটনা ছাড়াও গত পাঁচ বছরে শুধু শিক্ষকদের কাছে ছাত্রী হয়রানির অন্তত ১০টি অভিযোগ পাওয়া গেছে, যার কোনোটির সুষ্ঠু সমাধান হয়নি। অভিযুক্ত শিক্ষককে বাধ্যতামূলক ছুটি অথবা সাময়িক বরখাস্তের মাধ্যমেই এসব অভিযোগ ধামাচাপা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রেজাউর রহমানের দাবি, গঠনের পর ওই কমিটি পরে আরও অন্তত দুই দফা সংস্কার করা হয়েছে। কিন্তু কবে সংস্কার হয়েছে বা বতর্মানে কারা ওই কমিটির সদস্য, তা নিশ্চিত করে তিনি জানাতে পারেননি।
বুয়েট ও বাকৃবিতে কমিটি নেই: বুয়েটে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার। জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, ‘আমাদের কোনো কমিটি নেই। তবে নিশ্চিত হওয়ার জন্য কাগজপত্র দেখতে হবে।’ আর বুয়েটের নবনিযুক্ত উপাচার্য খালেদা একরাম বলেন, ‘আমার মনে হয় কমিটি আছে, আমি তখন ডিন ছিলাম।’ বুয়েটে কোনো কমিটি গঠনের তথ্য ইউজিসির কাছে নেই বলে জানানো হলে খালেদা একরাম বলেন, এটা যাচাই করে দেখতে হবে।
প্রায় দুই বছর ধরে অভিযোগকেন্দ্র নেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও। ইউজিসি বলছে, সেখানে কমিটি আছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ২০১১ সালের এপ্রিলে সেখানে একটি যৌন হয়রানি নিরাময় কমিটি গঠন করা হয়েছিল। দুই বছর মেয়াদি ওই কমিটি পরে আর নবায়ন করা হয়নি। ওই কমিটি যে আর কার্যকর নেই, তা জানেন না বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হক। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।
চট্টগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কমিটি নিয়ে প্রশ্ন: ২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী কমিটি গঠন করার পর পাঁচ বছরে ওই কমিটিতে মাত্র একটি অভিযোগ এসেছে, যার সুরাহা হয়েছে। ছাত্র-ছাত্রীরা এই কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বলছেন, এ ধরনের কমিটি থাকা না-থাকা সমান।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আদালতের নির্দেশনা মেনে কমিটি প্রধান কোনো নারীকে রাখা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে কমিটির প্রধান অধ্যাপক সুরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘যখন আমাকে সিন্ডিকেটের মাধ্যমে কমিটির প্রধান করা হয়, তখন আমি আপত্তি করেছিলাম। কিন্তু তৎকালীন উপাচার্য আমাকে চালিয়ে নিতে বলেছিলেন।’
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলমগীর চৌধুরী অবশ্য বলেছেন, খুব শিগগির একজন নারীকে প্রধান করে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হবে।
একই অবস্থা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। গত তিন বছরে সেখানেও অভিযোগ পড়েছে মাত্র একটি। ছাত্রছাত্রীদের দাবি, ওই অভিযোগেও যথাযথ শাস্তি না হওয়ায় হয়রানির ঘটনা ঘটলেও তাঁরা অভিযোগ করা থেকে বিরত থাকছেন।
এ বিষয়ে কমিটির সভাপতি অধ্যাপক নাসিম বানু বলেন, ‘কিছু ঘটনার কথা শোনা গেলেও আমাদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ না আসায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।’
প্রচারণার অভাব রাজশাহী ও খুলনায়: ২০১১ সালের ২৭ জুন গঠনের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে এ পর্যন্ত ছয়টি অভিযোগ গেছে। এগুলোর মধ্যে চারটির তদন্ত শেষ হয়েছে, যেগুলোতে তিনজন শিক্ষক ও এক কর্মকর্তা শাস্তি পেয়েছেন। একটি ঘটনার তদন্ত শেষ দিকে, অন্যটির তদন্ত চলছে।
তবে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই জানেন না এই কমিটির কার্যক্রম। ফলে যৌন হয়রানির অনেক ঘটনাই অভিযোগ আকারে কমিটির কাছে যায় না বলে মনে করেন শিক্ষার্থীরা।
কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ বলেন, যৌন হয়রানির ঘটনায় শাস্তি কার্যকরের বিষয়টি সর্বত্র প্রচারের জন্য তাঁরা সিন্ডিকেটের কাছে সুপারিশ করেছিলেন। কিন্তু শাস্তি কার্যকর হলেও সেটি প্রচার করা হয়নি।
প্রচারণার অভাব আছে খুলনা বিশ্ববিদ্যালয়েও। ২০১০ সালের সেপ্টেম্বরে সেখানে সাত সদস্যের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্তে প্রমাণিত হওয়ায় এ পর্যন্ত দুজন শিক্ষক ও একজন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
ছাত্রীরা বলছেন, কমিটি থাকায় তাঁরা সাহস পান যে অভিযোগ জানানোর একটা জায়গা অন্তত আছে। কিন্তু এর কার্যক্রম সম্পর্কে বেশির ভাগ শিক্ষার্থীরাই জানেন না। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও ব্যাপকভাবে কমিটি বিষয়ে প্রচারণা চালাতে হবে।
তবে কমিটির সভাপতি অধ্যাপক হোসনে আরা তাঁদের কার্যক্রম প্রসঙ্গে কিছু বলতে নারাজ। তিনি বলেন, যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এ বিষয়ে জানতে হলে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।
জাহাঙ্গীরনগর ও শাবিপ্রবিতে কমিটি সক্রিয়: ২০১০ সালে গঠনের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ কমিটি সক্রিয় আছে। গত চার বছরে এ কমিটিতে নয়টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ছয়টির সুরাহা হয়েছে। একটির তদন্ত শেষে প্রতিবেদন জমা পড়েছে, তবে এখনো সিন্ডিকেটে ওঠেনি। একটির তদন্ত শেষ পর্যায়ে আছে, আরেকটি তদন্তাধীন।
জাহাঙ্গীরনগরে কমিটির প্রচারণা নিয়ে সন্তুষ্ট ছাত্রছাত্রীরা। তাঁরা জানান, কমিটির পক্ষ থেকে সভা-সেমিনার আয়োজনের মাধ্যমে সচেতনতা বাড়ানোর কাজ হচ্ছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘আমরা অভিযোগ পেলে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি। এ ছাড়া কমিটির কার্যক্রম জানাতে ও সচেতনতা বাড়াতে প্রচারণার উদ্যোগ নিয়েছি।’
শাবিপ্রবিতেও যৌন নিপীড়ন নিরোধ কমিটি সক্রিয়। ২০১০ সালের ৩ অক্টোবর যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র পরিচালনা কমিটি গঠিত হয়। এ পর্যন্ত ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের বিরুদ্ধে যৌন হয়রানির আটটি অভিযোগ পড়ছে, যার মধ্যে তিনটির নিষ্পত্তি হয়েছে। দুটি অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন তৈরি করা হয়েছে, বাকি তিনটির তদন্ত বাকি আছে।
কমিটির সদস্যসচিব নাজিয়া চৌধুরী বলেন, ‘কমিটি গঠিত হওয়ার পর যৌন নিপীড়ন ও উত্ত্যক্তকরণ অনেকটাই কমেছে। অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নিই। এ ছাড়া কমিটির পক্ষ হতে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হচ্ছে।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঢাকা, জাহাঙ্গীরনগর, বাকৃবি, রাজশাহী, চট্টগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ও সিলেট প্রতিনিধি]