
সড়কের কোথাও পিচ-খোয়া উঠে ভেতর থেকে বেরিয়ে আছে ইট, আবার কোথাও হয়ে আছে বড় গর্ত। সেই গর্তে বৃষ্টির পানি জমে পুরো রাস্তা কাদাপানিতে একাকার। যানবাহন চলাচলের সময় এই কাদাপানি ছিটকে পথচারীদের জামা-কাপড় নোংরা হচ্ছে। চিত্রগুলো জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের অধিকাংশই সড়কের।
দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় এবারের বর্ষায় সড়কগুলোর অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে। পৌর এলাকার শ্রীকৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেলী শবনম বলেন, শ্রীকৃষ্টপুর মহল্লার সড়ক এতটা ভাঙা যে ভ্যান-রিকশাও ঠিকমতো চলানো যায় না।
সরেজমিনে পৌর এলাকা ঘুরে দেখা যায়, পৌর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং এলজিইডির সড়কগুলোর অবস্থা কিছুটা ভালো। কিন্তু পৌরসভার অধীনে থাকা অধিকাংশ সড়কেরই বেহাল অবস্থা। শ্রীকৃষ্টপুর মহল্লার রাস্তাটির অন্তত ২০ থেকে ২৫ জায়গায় পিচ-খোয়া উঠে ইট বের হয়ে আছে। রেলগেট থেকে আমুট্ট লেভেল ক্রসিং পর্যন্ত দীর্ঘ রাস্তাটির চৌধুরীপাড়া মহল্লার কাছে কিছু অংশ ভেঙে গেছে। হাস্তাবসন্তপুর মহল্লার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হকের বাড়ির সামনের রাস্তার পিচ-খোয়া উঠে গেছে। রেলস্টেশন থেকে জিয়ানীপাড়া মহল্লার সড়কটির পিচ-খোয়া উঠে গেছে। এ ছাড়া সওজের অধীন পৌরসভার প্রধান সড়কটিরও দশা বেহাল। সড়কটির রেলগেট এলাকা থেকে নবাবগঞ্জ সেতু পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খানাখন্দে ভরে গেছে।
এসব এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কয়েক বছর ধরে রাস্তাগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সড়কগুলো মেরামত না হওয়ায় তাঁরা চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না। বাধ্য হয়ে তাঁদের এসব ভাঙাচোরা সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক বলেন, ‘প্রায় দুই বছর আগে হাস্তাবসন্তপুর মহল্লায় আমার বাড়ির সামনে সড়কটির কিছু অংশে পিচ-খোয়া উঠে গেছে। এখনো ওই স্থানটি মেরামত হয়নি।’
পালপাড়া মহল্লার বাসিন্দা রেজাউল করিম বলেন, রেলস্টেশন থেকে জিয়ানীপাড়া মহল্লা পর্যন্ত সড়কটির অধিকাংশই ভাঙা। এই সড়ক দিয়ে চলা দুষ্কর।
বাসচালক রাজু আহাম্মেদ বলেন, জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর পৌরশহরের রেলগেট এলাকা থেকে নবাবগঞ্জ সেতু পর্যন্ত খানা-খন্দে ভরা।
পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, আক্কেলপুর পৌরসভাটির আয়তন ১৪ দশমিক ৯৮ বর্গ কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক ৩৮ কিলোমিটার, আধা পাকা ২৩ ও কাঁচা ২৯ কিলোমিটার। পৌরসভার প্রধান সড়কটি সওজের।
আক্কেলপুর পৌরসভার সহকারী প্রকৌশলী বেলাল হোসেন পৌরসভার সড়কগুলোর বেহাল দশার কথা স্বীকার করে বলেন, কয়েক বছর ধরে সড়ক রক্ষণাবেক্ষণের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তাই সড়কগুলো সংস্কার করা যায়নি।
পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী বলেন, পৌরসভার ভাঙা সড়কগুলোর তালিকা করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ পেলে সংস্কারের কাজ করা হবে।