অধিগ্রহণ ছাড়াই জায়গা দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে রেলওয়ের ডাবল লাইন প্রকল্পের অধীনে জমি অধিগ্রহণ না করেই তা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই জমির সীমানা নির্ধারণ ও ক্ষতিপূরণের জন্য গত সোমবার রিসেটেলমেন্ট কার্যালয়ে লিখিত আবেদন করেছেন মালিকেরা।

রেলওয়ের আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপের বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়েছে। একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আখাউড়ার নয়াদিল এলাকায় ক্ষতিপূরণ না দিয়ে ৩০টি পরিবারের গাছ কাটার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে গত রোববার তাঁরা সংবাদ সম্মেলন করেন।

রেলওয়ে, স্থানীয় বাসিন্দা সূত্র ও দলিলপত্র ঘেঁটে জানা গেছে,আখাউড়া পৌর শহরের হাজী আলী আজম চৌধুরী ও আলী আকবর চৌধুরী ১৯৬৫ সালে দেবগ্রাম মৌজায় ৩ একর ২১ শতক পুকুরের জমি কেনেন। তাঁদের নামে বাংলাদেশ সার্ভের (বিএস) ২১৯ ও ২২৪ নম্বর চূড়ান্ত খতিয়ান রয়েছে। ওই পুকুরটিতে তাঁরা মাছ চাষ করেন। এখন পুকুরটিতে প্রায় ১২ লাখ টাকার অধিক মাছ রয়েছে। পুকুরটির মধ্যে রেলওয়ের কিছু জমি রয়েছে। সেখানে রেলওয়ের সীমানা চিহ্নিত করা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপ ওই সীমানা বাদ দিয়ে ব্যক্তিমালিকানাধীন ভূমির ৪৫ শতক অংশে নতুন করে সীমানা চিহ্নিত করে বাঁশের রঙিন খুঁটি পুঁতে দিয়েছে। প্রতিষ্ঠানটি পুকুরটি ভরাটের জন্য খননযন্ত্রও (ড্রেজার মেশিন) নিয়ে এসেছে।

হাজী আলী আজম চৌধুরীর ছেলে আজাদ চৌধুরী ও আলী আকবর চৌধুরীর ছেলে চৌধুরী মো. ইসমাইল হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ভূমি অধিগ্রহণ করলে চিঠিপত্র তো দেওয়ার কথা। তাও দেওয়া হয়নি। এর প্রতিকার চেয়ে রিসেটেলমেন্টের উপপরিচালকের কাছে আবেদন জানানো হয়েছে।

এদিকে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জোর করে গাছ কাটার অভিযোগে নয়াদিল এলাকায় লোকজন সংবাদ সম্মেলন করেছেন। রোববারনয়াদিল এলাকার হান্নান মিয়ার বাড়িতে এই সংবাদ সম্মেলন হয়। এতে হান্নান মিয়া লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ক্ষতিপূরণ না দিয়েই তমা গ্রুপের লোকজন ১৫ জুলাই অন্তত ৩০টি পরিবারের গাছ কেটে ফেলেছেন। তিনি গাছ কাটতে বাধা দিলে মামলার ভয় দেখানো হয়। গাছ কাটার সময় চাপা পড়ে তিনি আঘাতও পান।

একই এলাকার নজরুল ইসলাম, সেলিম মিয়া ও শাহজাহান মিয়া বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাঁদের গাছ ও বাঁশঝাড় কেটে নিয়েছেন। জমি অধিগ্রহণ ও গাছ হিসাব-নিকাশের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছিল। অথচ এখন গাছের জন্য ক্ষতিপূরণ না দেওয়ার কথা বলা হচ্ছে।

এ বিষয়ে মোগরা ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য শেখ শহিদুল ইসলাম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ভয়ভীতি দেখিয়ে গাছ কেটেছেন। এ কারণে এখানকার দরিদ্র লোকজন ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত হবেন। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাই।’

জানতে চাইলে এসব কাজ তদারককারী তমা গ্রুপের প্রকৌশলী মো. শাহরিয়ার রহমান বলেন, ‘আমরা নিয়ম মেনেই রেলওয়ের জায়গায় কাজ করছি। এ বিষয়ে এক বছর আগেই রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়েছে।’ তিনি আরও বলেন, কাউকে চিঠি দেওয়ার দায়িত্ব তাঁদেরনয়। নিয়ম মেনেই গাছ কাটা হয়েছে। কাটা গাছগুলো সেখানেই রয়েছে। নিয়ম অনুসারে এসব গাছের ক্ষতিপূরণ দেওয়া হবে না। তবু এলাকাবাসীর কথা থাকলে তাঁদের বলতে পারেন।

এ বিষয়ে আখাউড়া-লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের উপপরিচালক (রিসেটেলমেন্ট) মো. আনিসুর রহমান বলেন, দেবগ্রামের ওই জমি অধিগ্রহণ করা হয়নি। অধিগ্রহণ ছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ করার কথা না। নিয়ম অনুযায়ী গাছ কাটার ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলে তা দেওয়া হবে।