অধিদপ্তরের ভুলে শিক্ষক বেতন পান না ২৭ মাস
রংপুরের বদরগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসার গণিতের শিক্ষক আনিছুল হক। তাঁর জন্ম ১৯৭৭ সালে। কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এমপিওভুক্তির কাগজে তাঁর জন্ম সাল লিখেছে ১৯৫৫। অধিদপ্তরের ভুলের খেসারত দিচ্ছেন আনিছুল। ২৭ মাস ধরে বেতন-ভাতা পান না তিনি। দিনমজুরির কাজ করছেন তিনি।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, আনিছুল হক ২০০০ সালের ২৬ অক্টোবর শিক্ষক পদে যোগদান করেন। তাঁর ইনডেক্স নম্বর ৬৮৪৫৮০। এসএসসির সনদ ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্মতারিখ ১৯৭৭ সালের ৫ অক্টোবর। সে অনুযায়ী গতকাল রোববার পর্যন্ত তাঁর বয়স ৩৯ বছর ৬ মাস ১৯ দিন। কিন্তু ২০০৪ সালের এপ্রিলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এমপিওভুক্তির কাগজে তাঁর জন্মতারিখ লেখা হয় ৫ জানুয়ারি ১৯৫৫। এ কারণে ২০১৫ সালের জানুয়ারি মাসে আনিছুলের চাকরির মেয়াদ শেষ হয়ে যায়। শিক্ষা অধিদপ্তর থেকে ২০১৫ সালের মার্চে পাঠানো এমপিওর কাগজ থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়। এ কারণে ২৭ মাস ধরে সরকারিভাবে প্রদত্ত মাসিক বেতন-ভাতা পাচ্ছেন না তিনি।
সূত্র জানায়, এমপিওভুক্তির কাগজের ভুল সংশোধনের জন্য ওই সময় জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। পরে এমপিওর কাগজ থেকে নাম বাদ দেওয়া হলে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ভুল সংশোধনের জন্য আবেদন করেন ওই শিক্ষক। এর ক্রমিক নম্বর ২৭৬।
গত বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, আনিছুল হক দশম শ্রেণির গণিতের ক্লাস নিচ্ছেন। পরে কথা হলে তিনি বলেন, ‘এমপিওর শিটে (কাগজে) আমার জন্মতারিখ ভুল লিখেছে শিক্ষা অধিদপ্তর। আবেদন করলেও সেটা সংশোধন করা হচ্ছে না। গত আড়াই বছরে নয়বার ঢাকায় শিক্ষা অধিদপ্তরে গিয়েছি। অফিস সহকারী থেকে কর্মকর্তা পর্যন্ত সবার কাছে কত আকুতি-মিনতি করলাম। ফলাফল শূন্য। ২০১৫ সালের অক্টোবরে এক দালাল ওই ভুল সংশোধন করে দেওয়ার কথা বলে ৮০ হাজার টাকা দাবি করেন। পরে ৬০ হাজার টাকায় রফা হয়। এরপর ধার করে দালালকে টাকা দিই। সেও কাজ করেনি, টাকাও ফেরত দিচ্ছে না। আমার কোনো আবাদি জমি নেই। বেতন-ভাতার টাকায় বাবা-মাসহ সাত সদস্যের সংসার কোনোরকমে চলত। তিন ছেলে-মেয়ে স্কুল ও কলেজে পড়াশোনা করে। খরচ দিতে পারি না। ধার-কর্জ করে চলছি। আবার ধারের ৬০ হাজার টাকাও শোধ করতে হচ্ছে। বাধ্য হয়ে এখন একটি টিউশনি করছি। মাদ্রাসা বন্ধ থাকলে দিনমজুরিতে কাজ করি।’
আনিছুল হকের সহকর্মী আবদুল মতিন সরকার বলেন, আনিছুল দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পেয়ে দিনমজুরি ও টিউশনি করে অতিকষ্টে জীবিকা নির্বাহ করছেন। দশম শ্রেণির ছাত্রী মাছুরা খাতুন বলে, ‘আনিছ স্যার অনেক দিন থাকি বেতন পান না। তবু স্যার প্রতিদিন ক্লাস নেন। মাদ্রাসা বন্ধ থাকলে স্যার মানুষের বাড়িতে কাজ করেন। স্যারের মুখটা দেখলে খুব কষ্ট লাগে।’
মাদ্রাসার সুপার আহাদ আলী সরকার বলেন, ‘ভুল সংশোধন করতে আমি নিজেও তিনবার শিক্ষা অধিদপ্তরে গিয়ে ব্যর্থ হয়েছি।’
বদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘গত মাসে ঢাকা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এক প্রশিক্ষণে গিয়ে পরিচালক (মাধ্যমিক) ইলিয়াস হোসেন স্যারকে বিষয়টি অবহিত করেছি।’
রংপুরের জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে আমার দপ্তর থেকে ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিশ পাঠানো হয়েছে।’
যোগাযোগ করলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান মুঠোফোনে বলেন, ‘এমপিও শিটে অনেক শিক্ষকের এ রকম সমস্যা হয়েছে। অনেকের সার্টিফিকেটেও সমস্যা আছে। অরিজিনাল কাগজপত্র দেখে প্রথম শিফটে আমরা কিছু সংশোধন করেছি। দ্বিতীয় শিফটে আরও কিছু করা হবে। ওই শিক্ষককে প্রয়োজনীয় কাগজপত্রসহ আমার কাছে পাঠান। বিষয়টি দেখব।’