অধ্যক্ষ ও মেয়রের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ
তাহেরপুর ডিগ্রি কলেজ সরকারীকরণের জন্য তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে কলেজটির অধ্যক্ষ ২৫ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে অভিযোগ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাংসদ এনামুল হক। তবে কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ও পৌর মেয়র আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করেছেন।
কলেজের কয়েকজন শিক্ষক জানান, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ এনামুল হক তাঁদের সেপ্টেম্বর মাসের বেতন আটকে দিয়েছেন। এই অভিযোগ নিয়ে কথা বলতে গেলে সাংসদ অভিযোগ করেন, কলেজটি সরকারীকরণের জন্য অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তাহেরপুর পৌর মেয়রকে ২৫ লাখ টাকা ঘুষ দিয়েছেন। এর মধ্যে ১৪ লাখ টাকা শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে নেওয়া হয়েছে। বাকি ১১ লাখ টাকা শিক্ষকদের কাছ থেকে নিয়েছেন অধ্যক্ষ।
সাংসদ বলেন, তিনি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি। অথচ তাঁকে না জানিয়ে এবং পরিচালনা পর্ষদের অনুমোদন না নিয়ে অধ্যক্ষ কল্যাণ তহবিলের টাকা তুলেছেন। আর মেয়র শিক্ষকদের বুঝিয়েছেন, এক কোটি টাকা দিলে কলেজ সরকারীকরণ করা হবে। এ জন্য ২৫ লাখ টাকা নিয়েছেন এবং আরও ৭৫ লাখ টাকা তুলতে বলেছেন।
বেতন বিল আটকে দেওয়ার বিষয়ে এনামুল হক বলেন, তিনি এই খবর পাওয়ার পরে অধ্যক্ষকে বলেছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে ঢাকায় আসতে। বিষয়টি ফয়সালার পরে তিনি বিলে সই করবেন। কিন্তু অধ্যক্ষ তা না করে উপাধ্যক্ষকে দিয়ে শুধু বিল পাঠিয়েছিলেন স্বাক্ষরের জন্য। তিনি অধ্যক্ষ এবং দুজন শিক্ষক প্রতিনিধিকে বাদ দিয়ে ৬ অক্টোবর বিলে সই করেছেন। সেটি তাঁর বাসায় পড়ে রয়েছে। অধ্যক্ষ তা নিতে আসছেন না।
তবে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শিক্ষক কল্যাণ তহবিলের টাকা তোলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এসব কথা ঠিক না। এমপির (সাংসদ) সঙ্গে মেয়রের সম্পর্ক খারাপ। সাংসদ আমাকে মনে করেন কালামের (মেয়র) লোক। এ জন্য মাঝেমধ্যেই ঝামেলা হয়। আবার ঠিক হয়। এবারও ঠিক হয়ে যাবে।’ তিনি মেয়রকে টাকা দেওয়ার কথাও অস্বীকার করেন।
মেয়র আবুল কালাম আজাদ বলেন, কলেজের তহবিলে কোনো টাকাই নেই। তিনি অধ্যক্ষের কাছ থেকে টাকা নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে উল্টো তিনি সাংসদ এনামুল হকের বিরুদ্ধে কলেজে শিক্ষক নিয়োগ দিয়ে টাকা আত্মাসাতের অভিযোগ তোলেন।