বরিশালের সদর উপজেলার তালুকদার হাট স্কুল ও কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। পরিচালনা পরিষদের সভাপতি বিধিবহির্ভূতভাবে সভা ডেকে পছন্দের একজন লোককে অধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন। আর্থিক সুবিধা নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বাধ্য করা হয়েছে সভার বৈধতা দিতে।
তালুকদার হাট স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফ মল্লিক বলেন, ৮ এপ্রিল দুপুর ১২টায় অধ্যক্ষ নিয়োগের জন্য সভা আহ্বান করা হয়। কিন্তু অধিকাংশ সদস্য অনুপস্থিত থাকায় সভা অনুষ্ঠিত হতে পারেনি। সভা অনুষ্ঠিত না হলেও সভাপতি মন্তব্য বই প্রভাষক মো. শোয়েবুর রহমানের কাছে দিতে নির্দেশ দেন। পরে তাঁরা তাঁদের ইচ্ছামাফিক শোয়েবুর রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেখিয়ে মন্তব্য লেখেন। ওই সময়ই শোয়েবুর রহমান যোগদানও করেন। কিন্তু তিনি কলেজের প্রভাষক পদ থেকে অব্যাহতি নেননি। অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া শোয়েবুর রহমান বাড়ি বাড়ি গিয়ে সই আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। ৯ এপ্রিল সকাল ১০টার পর মন্তব্য বই কলেজে ফিরিয়ে দেওয়া হয়। ওই নিয়োগ আইন অনুযায়ী হয়নি। শোনা যায়, ওই পদে নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া মো. শোয়েবুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
তালুকদার হাট স্কুল ও কলেজের পরিচালনা পরিষদের সভাপতির বিরুদ্ধে সদস্য এবং শিক্ষকদের অভিযোগ, দু-একজন সদস্যের প্ররোচনায় সভাপতি বিধিবহির্ভূতভাবে সব কাজ করছেন। দাতা সদস্যকে বাদ দিয়ে সভা আহ্বান এবং সিদ্ধান্ত নিচ্ছেন। শিক্ষা বোর্ডের নিয়ম ভেঙে সহযোগী সদস্য নিয়োগ করেছেন। সভার সিদ্ধান্ত বাড়িতে বসে নিজেদের মতো করে লিখেছেন। অধ্যক্ষ নিয়োগে আর্থিক সুবিধা গ্রহণ, একই দিনে অধ্যক্ষ নিয়োগ এবং যোগদান দেখানো হয়েছে। তবে যোগদানের কপি কলেজ দপ্তরে না রেখে শোয়েবুর রহমান নিয়ে যান, যা সম্পূর্ণ বেআইনি।
কলেজের দাতা সদস্য মো. নূর-ই-আলম তালুকদার অভিযোগ করেন, ‘পরিচালনা পরিষদের সভাপতি গায়ের জোরে সভা ডেকে তড়িঘড়ি করে অধ্যক্ষ নিয়োগ করেছেন। অধ্যক্ষ নিয়োগের জন্য ডাকা সভায় আমিসহ অনেক সদস্য উপস্থিত ছিলেন না। নিয়ম অনুযায়ী কোরাম পূর্ণ না হলে সভা বৈধ হয় না। তা ছাড়া অধ্যক্ষ নিয়োগের জন্য বাছাই কমিটি করা দরকার, তা-ও করা হয়নি। সদস্যদের বাড়ি বাড়ি মন্তব্য বই পাঠিয়ে সই আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তারপরও কীভাবে অধ্যক্ষ নিয়োগ করলেন, তা বোধগম্য নয়। তাঁরা ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করার জন্য নেমেছেন।’
শিক্ষক প্রতিনিধি আসমা বেগম বলেন, ‘৮ এপ্রিলের সভায় মাত্র পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। কোরাম না হওয়ায় আমি স্বাক্ষর করতে চাইনি। সভাপতির নির্দেশে স্বাক্ষর করতে হয়েছে।’
পরে সই নেওয়া অসুস্থ সদস্য আবুল কালাম আজাদ বলেন, ‘৮ এপ্রিল আমি বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি ছিলাম। কিন্তু রাত ১০টায় শোয়েবুর রহমানসহ তিনজন আমার কাছে মন্তব্য বই এনে স্বাক্ষর করতে বলেন। আমি পরিস্থিতির শিকার হয়ে স্বাক্ষর করতে বাধ্য হয়েছি। অধ্যক্ষ নিয়োগ বৈধভাবে হয়নি।’
এ ব্যাপারে পরিচালনা পরিষদের সভাপতি হালিম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘বিধিবহির্ভূতভাবে কিছু করা হয়নি। নিয়ম মেনেই অধ্যক্ষ নিয়োগ হয়েছে। আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। একজন সদস্য অসুস্থ থাকায় তাঁর স্বাক্ষর আনার জন্য পাঠানো হয়েছিল। তারপরও আমার অজান্তে কিছু হয়ে থাকলে আমি সেটা খোঁজ নিয়ে জানাতে পারব।’