অধ্যক্ষ যজ্ঞেশ্বরের মূল খুনি রমজান: ডিআইজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বরের চন্দ্র রায়ের মূল হত্যাকারী রমজান আলী (২০)। তিনিই অধ্যক্ষকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করেন বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবির। 

রিমান্ডে নেওয়া আসামিদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে ডিআইজি হুমায়ুন কবির আজ রোববার মোবাইল ফোনে প্রথম আলোকে এ তথ্য জানান।
ডিআইজি হুমায়ুন কবির মোবাইল ফোনে বলেন, ‘রমজান আলী ঘটনার তিন দিন আগে হত্যায় ব্যবহারের অস্ত্রগুলো আসামি আলমগীরের বাসায় রাখেন। ঘটনার আগের দিন অস্ত্রগুলো আরেক আসামি হারেজের গোয়ালঘরে রাখা হয়। ওই দিন রমজানসহ আরেকজন হারেজের বাসায় রাতও কাটান।’ ডিআইজি বলেন, ‘দুজন আসামি অধ্যক্ষের কাছে যান, তাঁদের মধ্যে রমজান চাপাতি দিয়ে অধ্যক্ষকে গলা কেটে হত্যা করেন। তিনিই যজ্ঞেশ্বরের মূল খুনি। এর পর খুনিরা কালীগঞ্জ বাজারে অপেক্ষায় থাকা হারেজের কাছে অস্ত্রগুলো বুঝিয়ে দিয়ে বলেন, ‘অন্য অপারেশনে যাওয়ার আগ পর্যন্ত অস্ত্রগুলো রেখে দাও।’ এই রমজান, হারেজ ও আলমগীর দীর্ঘদিন ধরে জেএমবির সঙ্গে জড়িত বলে দাবি করেন ডিআইজি।
রমজানের বড় ভাই মিজানুর রহমান বলেন, ‘রমজান নীলফামারী ডোমার কলেজে স্নাতক (পাস) প্রথম বর্ষের ছাত্র। সেখান থেকেই উচ্চ মাধ্যমিক পাস করেছে। সে আগে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বাধা দেওয়ায় রাজনীতি ছেড়ে দিয়েছে।’ তাঁকে দিয়ে এমন ঘটনা ঘটতে পারে না বলে দাবি করেন তিনি। ঘটনার দিন রমজান নীলফামারীর ডিমলায় আত্মীয়ের বাড়িতে ছিলেন। পুলিশ সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানান মিজানুর।
রমজানের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কথা বলে জানা যায়, রমজান কোথায় থাকে, কী করে, কখন বাড়িতে আসে—তা তাঁরা কেউ জানেন না। তবে শুনেছেন সে ডোমারে থেকে কলেজে পড়াশোনা করে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আলমগীরসহ দুজন ঘটনাস্থল ও আশপাশে নজরদারিতে ছিলেন। প্রযুক্তি ব্যবহার করে তা নিশ্চিত হওয়া গেছে। প্রযুক্তি ব্যবহার করে তাঁকে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল থেকে পুলিশ গ্রেপ্তার করে।’
আলমগীরের বাবা রফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলেরা এমন ঘটনায় জড়িত থাকতে পারে না। এলাকার কেউ খারাপ কিছু বলতে পারবে না।’ আলমগীরের আরেক ভাই জাহাঙ্গীর এই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন।
হারেজের স্ত্রী মমিরণ দাবি করেন, তাঁর স্বামী এমন ঘটনায় জড়িত নয়।
২১ ফেব্রুয়ারি যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হন। এ ঘটনায় যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ ও দেবীগঞ্জ থানার উপপরিদর্শক মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করেন। দুটি মামলাতেই তিন মোটরসাইকেল আরোহীসহ অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করা হয়। ওই দিন রাতে ওই এলাকায় নিজ নিজ বাড়ি থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য খলিলুর রহমান ও বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম (৩০) নামের ছাত্রশিবিরের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাঁদের ১৫ দিনের রিমান্ড নেয় পুলিশ। পুলিশ বলছে, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পঞ্চগড় ও নীলফামারী থেকে গ্রেপ্তার করা হয় রমজান আলী, হারেজ আলী ও আলমগীর হোসেনকে।