অধ্যক্ষ লাঞ্ছিতের প্রতিবাদ করায় ছাত্র হত্যার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তপন কুমার রায়কে লাঞ্ছিত করার প্রতিবাদের জেরে একাদশ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ করা হচ্ছে, গতকাল মঙ্গলবার দুপুরে বহিরাগত যুবলীগ কর্মী ও তাঁর সহযোগীদের হামলার শিকার হন ওই ছাত্র। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
নিহত ছাত্রের নাম সাকির গোমস্তা। তিনি পৌর যুবলীগের সদস্য। এ ঘটনায় নিহত ছাত্রের মা আলেয়া বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন।
এদিকে ছাত্রলীগ কর্মীর হত্যার প্রতিবাদে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে আসামির বাড়ি ও একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিহত ছাত্রের স্বজনেরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও নিহত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় যুবলীগ কর্মী সোহেল গোমস্তা ও তাঁর সহযোগীরা প্রায়ই পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ঢুকে বখাটেপনা ও ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তপন কুমার রায় সোহেল গোমস্তাকে ডেকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেন। এ সময় সোহেল ও তাঁর সহযোগীরা তপন কুমার রায়কে লাঞ্ছিত করেন। সে সময় শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদ করেন কলেজের প্রথম বর্ষের ছাত্র ও গৌরনদী পৌর ছাত্রলীগ কর্মী সাকির গোমস্তা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়।
অধ্যক্ষ তপন কুমার রায় বলেন, ‘আমাকে লাঞ্ছনার প্রতিবাদ করতে গিয়ে ছেলেটি হামলার শিকার হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে।’
সাকিরের সহপাঠী ইমন কাজী জানান, বাংলা পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হয় সাকির। কিছুক্ষণ পর কলেজ গেটের পূর্ব পাশে মাহাবুব হাওলাদারে চায়ের দোকানের সামনে পৌঁছালে তাঁর ওপর হামলা চালায় সোহেল গোমস্তা (২৯), ইমরান মীর (২২), সুমন হাওলাদার (২৩), রিয়াজ খান (২২), ফাহিমসহ (১৮) পাঁচ থেকে ছয়জনের একটি দল। হামলাকারীরা ক্রিকেট ব্যাট দিয়ে সাকিরের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে রক্ষায় অষ্টম শ্রেণির ছাত্র সিফাত এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাকিরের অবস্থার অবনতি হলে বিকেলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তিনি মারা যান।
সাকিরের বড় ভাই নাসির গোমস্তা বলেন, ‘সোহেল গোমস্তা ও তাঁর সহযোগীরা এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছেন। তাঁদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করত না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমার ভাই খুন হলো। আমরা বিচার চাই।’
অভিযোগের ব্যাপারে যুবলীগ কর্মী সোহেল গোমস্তাসহ অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন।
সোহেল গোমস্তার বাড়িতে গেলে তাঁর মা সাজেদা বেগম বলেন, ‘হামলায় আমার ছেলে জড়িত না, সে সাকিরকে রক্ষার চেষ্টা করেছিল।’
অপর দিকে এজাহারভুক্ত আসামি সুমন হাওলাদারের মা সানু বেগম (৩৫) অভিযোগ করেন, ‘বুধবার সকালে আরাফাত হোসেন, রিফাতসহ ১৫ থেকে ২০ যুবক আমাদের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে।’ একই অভিযোগ করেন আসামি সোহেল মীরের মা রাশিদা বেগম। তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে একদল যুবক তাঁদের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মঙ্গলবার রাতে সাকিরের মা বাদী হয়ে সোহেল গোমস্তা, তাঁর বাবা ইউসুফ গোমস্তা, তাঁর সহযোগী রিয়াজ খান, ইমরান মীর, সুমন হাওলাদার, ফাহিম হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলাটি আদালতে আবেদন করে হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।