অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য শিক্ষকদের আনা অর্থ আত্মসাৎসহ ২১টি অভিযোগের কারণ দর্শানোর পর গত রোববার রাতে কলেজ পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ সূত্রে জানা গেছে, ৪ মে কলেজের ২১ জন শিক্ষক অধ্যক্ষ মো. আতাউর রহমানের বিরুদ্ধে ২১টি অভিযোগ আনেন। এর মধ্যে অর্থ আত্মসাৎ, শিক্ষকদের মানসিক নির্যাতন, শিক্ষার্থীদের সামনে শিক্ষকদের অপমান করা উল্লেখযোগ্য। অভিযোগের ভিত্তিতে ১৪ মে অধ্যক্ষকে কারণ দর্শাতে বলে কলেজ পরিচালনা পর্ষদ। সন্তোষজনক জবাব না পেয়ে গত রোববার রাতে পর্ষদের সভা ডেকে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে আসছেন আতাউর রহমান।
পর্ষদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ সাখাওয়াত হোসেন প্রথম আলোকে এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিকে তদন্তের জন্য কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। কমিটি প্রতিবেদন না দেওয়া পর্যন্ত অধ্যক্ষ সাময়িক বরখাস্ত থাকবেন।