অধ্যক্ষকে অবরুদ্ধ করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষকে গতকাল সোমবার দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কলেজ শাখা ছাত্রলীগ। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার ব্যানারে বরগুনা জেলা পরিষদ প্রশাসকের নাম পুলিশ সুপারের পরে লেখায় ছাত্রলীগ এ কাণ্ড ঘটায় বলে অভিযোগ উঠেছে।
বরগুনা সরকারি কলেজের দাপ্তরিক কর্মকর্তারা বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বরগুনা সরকারি কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই দিন সকাল ১০টায় অনুষ্ঠিত ওই সভায় বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু প্রধান অতিথি ও সাবেক সচিব সিরাজ উদ্দীন আহম্মেদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে আলোচনা সভায় সাংসদ অংশ নিতে পারেননি। সভার ব্যানারে বরগুনা জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার বিজয় বসাক, বরগুনা জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মোল্লা, পৌর মেয়র শাহাদাত হোসেনের নাম বিশেষ অতিথি হিসেবে উল্লেখ ছিল।
কলেজের দুজন শিক্ষক বলেন, নিয়ম অনুযায়ী পুলিশ সুপারের নাম জেলা পরিষদ প্রশাসকের নামের আগে থাকার কথা। কিন্তু জেলা পরিষদ প্রশাসক তাঁর নামটিই আগে লিখতে চেয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী তিনজন শিক্ষার্থী বলেন, কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীরা গতকাল বেলা ১১টার দিকে অধ্যক্ষের অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা অধ্যক্ষের নামে কটূক্তি করে নানা স্লোগান দেন। একপর্যায়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা কলেজের প্রশাসনিক ভবনের লোহার ফটকে তালা ঝুলিয়ে সেখানে সমাবেশ করেন। সমাবেশে কলেজে নানা অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়। তাঁরা প্রায় দেড় ঘণ্টা এভাবে অধ্যক্ষকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এ সময় কলেজের স্বাভাবিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে বরগুনা থানার পুলিশ গিয়ে সেখানে অবস্থান নেয়। এরপর দুপুরের দিকে জেলা পরিষদ প্রশাসক জাহাঙ্গীর কবির কলেজে যান। পরে ছাত্রলীগ কর্মীরা তালা খুলে দেন।
জাহাঙ্গীর কবির গতকাল দুপুরে বলেন, ‘এ নিয়ে আমি কী বলব। এসব বিষয়ে প্রিন্সিপালকে জিজ্ঞেস করাই ভালো। ওখানে অনেক বিষয় আছে। আমি কলেজে একটি টিউবওয়েল দিয়েছি, সেটা ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এ ছাড়া পার্কিং সমস্যা, ক্যানটিন নেই, ব্যানারে ভুল—এসব বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলন করেছে।’ ব্যানারে নাম আগ-পিছ হওয়ার বিষয়ে তিনি বলেন, যে শিক্ষককে ব্যানার করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি এ ভুল করেছেন। তবে ঘটনা জানার পর কলেজে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শোক দিবসের আলোচনা সভার ব্যানারে নাম আগ-পিছ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রশাসনিক ভবনে তালা দেন। তবে ব্যানারে নাম আগ-পিছ হওয়ার বিষয়টি অনিচ্ছাকৃত। কারণ, আমন্ত্রণপত্রে বিশেষ অতিথিদের মধ্যে প্রশাসনের কর্মকর্তাদের নাম কার্ডের ডান দিকে এবং রাজনৈতিক নেতাদের নাম সোজাসুজি বাঁ পাশে ছাপানো হয়েছে। কিন্তু ব্যানারে ভুল করে সবার নাম এক লাইনে ছাপানোয় জেলা পরিষদ প্রশাসকের নাম পুলিশ সুপারের পরে ছাপা হয়েছে। এ নিয়ে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। তবে এখন পরিস্থিতি শান্ত।