কলেজের অ্যাসেম্বলিতে (ছাত্রজমায়েত) যোগ না দেওয়ায় এক ছাত্রকে বকাঝকা করেন অধ্যক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র অস্ত্র হাতে দলবল নিয়ে অধ্যক্ষকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অন্য শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে অধ্যক্ষকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা কলেজের সামনে সোনাইমুড়ী-চাটখিল-রামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা অবরোধ চলে। পরে সোনাইমুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।
কলেজ সূত্র জানায়, গতকাল সকালে কলেজের অ্যাসেম্বলিতে যোগ না দেওয়ায় দ্বাদশ শ্রেণির ছাত্র এমদাদুল হক ওরফে সুকর্ণকে ডেকে সতর্ক করেন অধ্যক্ষ মো. আইয়ুব আলী। এর কিছুক্ষণ পর এমদাদুল হক অস্ত্র হাতে অধ্যক্ষের কক্ষে ঢোকেন। কেন তাঁকে বকাঝকা করা হয়েছে, তা জানতে চান অধ্যক্ষের কাছে। তখন অন্য এক শিক্ষক ওই ছাত্রকে ধরে ফেলেন। এ সময় এমদাদুলের সঙ্গে থাকা চার সহযোগী তাঁকে ছিনিয়ে নিয়ে যায় এবং অস্ত্র উঁচিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনায় মুহূর্তের মধ্যে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ ছাত্রছাত্রীরা। তাঁরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, এমদাদুল নামের ওই ছাত্র এমনিতে নিয়মিত কলেজে আসেন না। এলেও অ্যাসেম্বলিতে যোগ না দিয়ে অন্যদের নানাভাবে বিরক্ত করেন। গতকালও একই কাণ্ড করেন। এ কারণে তাঁকে ডেকে ধমক দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, ‘কিছুক্ষণ পর সে (এমদাদুল) অস্ত্র হাতে নিয়ে এবং আরও কয়েকজন অস্ত্রধারী যুবককে নিয়ে অফিসকক্ষে ঢুকে আমার দিকে অস্ত্র তাক করে। এ সময় সামনে থাকা এক শিক্ষক ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন।’
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা প্রথম আলোকে বলেন, কলেজের অধ্যক্ষ ওই ছাত্রসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার করা হবে।