অধ্যক্ষসহ তিন শিক্ষকের প্রহারে ছাত্র হাসপাতালে
ঢাকার সাভারের ব্যাংক কলোনির একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও দুই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ছাত্রকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রের নাম ইব্রাহিম খলিল (১৪)। সে সাভারের ব্যাংক কলোনির বজলুর রহমানের ছেলে ও এলাকার শহীদ ক্যাডেট একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র। ইব্রাহিম প্রতিষ্ঠানের আবাসিক ভবনে থেকে পড়ালেখা করছে।
প্রতিষ্ঠানের শিক্ষক, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও ইব্রাহিমের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহিম প্রতিষ্ঠানের আবাসিক ভবনের নিচতলায় সহপাঠী সালমানের সঙ্গে খেলা করছিল। এ সময় ইব্রাহিমের ছোড়া ইটের ছোট একটি টুকরায় কপালে সামান্য আঘাত পায় সালমান। এ জন্য অধ্যক্ষ রফিকুল ইসলামের নির্দেশে সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও রায়হান হোসেন তাকে ওই ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যান। এরপর কক্ষের দরজা বন্ধ করে তাকে মোটা বেত দিয়ে পেটানো হয়।
ইব্রাহিম বলে, কক্ষের দরজা বন্ধ করে প্রথমে সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও রায়হান হোসেন তাকে শক্ত করে ধরে রাখেন। এ সময় অধ্যক্ষ রফিকুল ইসলাম তাকে মোটা বেত দিয়ে পেটাতে থাকেন। এরপর দুই শিক্ষকও তাকে মারধর করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, কক্ষের দরজা বন্ধ করে ইব্রাহিমকে পেটানো হচ্ছিল। এ সময় চিৎকার শুনে তারা ইব্রাহিমকে উদ্ধার করে পরিবারের সদস্যদের জানায়। তারা আরও বলে, নানা অজুহাতে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক তাদের মারপিট করে থাকেন। কিন্তু ভয়ে তারা এসব বিষয়ে অভিযোগ করার সাহস পায় না।
ইব্রাহিমের বাবা বজলুর রহমান বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অধ্যক্ষ ও দুই শিক্ষক মিলে আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়েছেন। এখন মামলা না করতে প্রভাবশালী লোকজন দিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুজ্জামান বলেন, ইব্রাহিমের বাম পায়ের হাঁটুতে প্রচণ্ড আঘাত লেগেছে। এ কারণে সে পা সোজা করতে পারছে না। সে হাঁটতেও পারছে না। তিনি বলেন, ইব্রাহিমের পিঠ ও শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন আছে।
অধ্যক্ষসহ অভিযুক্ত তিন শিক্ষকের মুঠোফোনেও কল দিলেও তাঁরা ধরেননি।
প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মোহাম্মদ সায়েম হোসেন বলেন, অধ্যক্ষ রফিকুল ইসলামসহ সহকারী শিক্ষক শহীদুল ইসলাম ও রায়হান হোসেনের বিরুদ্ধে ইব্রাহিমকে পেটানোর অভিযোগ সত্য। এ কারণে ঘটনার পরপরই তাঁরা পালিয়ে যান। তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।