আশুলিয়ার বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট
অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর
অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল শনিবার ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকার জাতীয় বস্ত্র ও প্রকৌশল গবেষণা ইনস্টিটিউট (নিটার) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে তাঁর গাড়িসহ ক্যাম্পাসে ভাঙচুর চালান।
আশুলিয়া থানা-পুলিশ ও শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের একাধিক সূত্রে জানা গেছে, নিটার প্রথম বর্ষের ছাত্র অংকন সম্প্রতি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে অন্যান্য শিক্ষার্থীদের হাতে ধরা পড়েন। বিষয়টি প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবীরকে জানানোর পর তিনি অংকনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনার প্রত্যক্ষদর্শী দুই ছাত্রকে হল থেকে বহিষ্কারের পাশাপাশি তাঁদের ছাত্রত্ব স্থগিতের সিদ্ধান্ত নেন। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ক্ষোভে ও দুঃখে প্রথম বর্ষের ছাত্র মাসুদুর রহমান ও মুকিত আল-ইলাহি গতকাল দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সহপাঠিদের চেষ্টায় তাঁরা প্রাণে বেঁচে যান।
অধ্যক্ষের ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুই শিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে তিন শতাধিক শিক্ষার্থী একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ক্যাম্পাসে থাকা অধ্যক্ষের গাড়িসহ একাডেমিক ভবনে ভাঙচুর করে অধ্যক্ষকে তাঁরা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁরা অধ্যক্ষের অপসারণসহ ১৪ দফা দাবি জানান। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
প্রথম বর্ষের ছাত্র সাইফ আল রাজিসহ আরও কয়েকজন শিক্ষার্থী বলেন, অংকন অধ্যক্ষের নিকটাত্মীয়। এ কারণে তাঁর অপরাধের বিচার না করে উল্টো চুরির মালামালসহ যে দুই ছাত্র তাঁকে (অংকন) আটক করেছেন অধ্যক্ষ তাঁদেরই গালিগালাজ করেন। এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বিকেলে ওই প্রতিষ্ঠানে গিয়ে অধ্যক্ষকে পাওয়া যায়নি। এর আগেই পুলিশ প্রহরায় তিনি কর্মস্থল ত্যাগ করেন।
জানতে চাইলে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে মুক্ত করে আনা হয়। তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তবে অধ্যক্ষের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।