সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার উদগাড়ী আঞ্চলিক মহিলা কলেজে পছন্দের শিক্ষক নিয়োগের দাবি প্রত্যাখ্যান করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল বুধবার কলেজের অধ্যক্ষের ওপর হামলা করেছেন। এ সময় শিক্ষকসহ পাঁচজন আহত হন এবং হামলাকারীরা কলেজে তালা ঝুলিয়ে দেন।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, ১৩ আগস্ট উদগাড়ী আঞ্চলিক মহিলা কলেজে মহিলা কোটা উল্লেখ করে সমাজবিজ্ঞানের একজন প্রভাষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ কমিটি গঠনের আগেই গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁদের পছন্দের পুরুষ প্রার্থীকে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য ওই বিজ্ঞপ্তি বাতিল করার দাবি জানান। তাঁরা ওই পদটি পুরুষ প্রার্থীর জন্য উন্মুক্ত করে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য কলেজ অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করেন। এতে তিনি রাজি না হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁর ওপর চড়াও হন এবং মারধর করে তাঁকে আহত করেন। এ সময় তাঁরা অধ্যক্ষের মুঠোফোন এবং প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেন। অধ্যক্ষকে রক্ষার জন্য এগিয়ে এলে প্রভাষক শাহিনুর আলম, দিলরুবা পারভীন, অফিস সহকারী মজনু তালুকদার ও পিয়ন রেজাউল করিম আহত হন। আহত অধ্যক্ষকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে অধ্যক্ষকে মারধর করার পর ছাত্রলীগের ওই নেতা-কর্মীরা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ সুলতান মাহমুদ বলেন, ‘কলেজ পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহিলা কোটা পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে পুরুষ প্রার্থী নিয়োগের কোনো সুযোগ নেই। ওয়ার্ড আওয়ামী লীগের স্থানীয় নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের ছেলেরা আমার ওপর অন্যায়ভাবে হামলা চালিয়েছে। আমাকে মারধর করার পর তারা অন্যায়ভাবে কলেজে তালা ঝুলিয়ে দিয়েছে।’
তবে শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি কলেজে উপস্থিত ছিলাম না। তবে এই কলেজে ইতিপূর্বে ইসলাম হোসেন নামের একজনকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আমার কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা গ্রহণ করা হয়েছিল। কিন্তু অধ্যক্ষ এখন তাকে নিয়োগ না দিয়ে মহিলা কোটায় নিয়োগ দেওয়ার প্রক্রিয়া করছেন। ইসলাম হোসেনের দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে ছাত্রলীগের ছেলেদের সঙ্গে অধ্যক্ষের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে।’
কলেজ পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অযৌক্তিক দাবি তুলে কলেজে হামলা চালিয়ে কলেজ তালাবদ্ধ করেছে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি, পুলিশও পাঠানো হয়েছিল। তবে কোনো পক্ষই এ বিষয়ে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।