মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে গতকাল বুধবার তালা ঝুলিয়ে দিয়েছেন কয়েকজন ছাত্র। এর আগে গত রোববার ছাত্রলীগের নেতৃত্বে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
কলেজের কয়েকজন ছাত্র ও শিক্ষক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কয়েকজন ছাত্র অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরীর কক্ষে গিয়ে তাঁর সম্পর্কে উচ্চ স্বরে কথাবার্তা বলেন। অধ্যক্ষ ওই সময় কক্ষে ছিলেন না। একপর্যায়ে অধ্যক্ষের কক্ষের দরজার ওপর রাখা নামফলকটি নামিয়ে ফেলেন তাঁরা। কক্ষে নামের তালিকা লেখা বোর্ডে অধ্যক্ষের নামটি ঘষামাজা করে মোছার চেষ্টা করেন। এরপর কক্ষে তালা মেরে তাঁরা চলে যান।
কলেজের উপাধ্যক্ষ ফজলুল আলী বলেন, ‘শুনেছি, কিছু ছাত্র এসে অধ্যক্ষের কক্ষে তালা মেরেছে। কলেজের অধ্যক্ষ দুদিন ধরে ছুটিতে আছেন। তবু দাপ্তরিক কাজের জন্য কক্ষটি খোলা ছিল।’
অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী বলেন, ‘আমি দুদিন ধরে ছুটিতে আছি। শুনেছি আমার নেমপ্লেট ফেলে দিয়ে অনার বোর্ড থেকে নাম মোছার চেষ্টা করা হয়েছে। এটা কলেজের জন্য একটি খারাপ উদাহরণ।’
মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম দাবি করেন, বদরুজ্জামানকে সাধারণ ছাত্ররা অধ্যক্ষ হিসেবে চাইছেন না। তাঁকে বলা হয়েছে, তিনি যেন কলেজে না আসেন। গত সোমবার দায়িত্ব গ্রহণের কথা থাকলেও তিনি রোববার অধ্যক্ষের আসনে বসেন। এতে সাধারণ ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। সাধারণ ছাত্রদের নিবৃত্ত করতে ওই দিন কলেজের কেরানির মাধ্যমে কক্ষে তালা দেওয়া হয়। ছাত্রলীগ তালা মারেনি। গতকালও সাধারণ ছাত্ররা তালা মেরে স্টাফের কাছে চাবি দিয়ে গেছেন।