অধ্যক্ষের কক্ষে তালা দিলেন আ.লীগ নেতা
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে গতকাল মঙ্গলবার তালা ঝোলানোর অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ-বাণিজ্যের অভিযোগ এনে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে তাঁর কক্ষে তালা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সকালে কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও আওয়ামী লীগের আউচপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন ওরফে সাগরের নেতৃত্বে ১২-১৪ জন লোক কলেজে আসেন। এ সময় শাহাদত অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে কৈফিয়ত চান। তবে অধ্যক্ষ কোনো সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে তাঁকে (অধ্যক্ষ) কক্ষ থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেন। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় লোকজনের মধ্যস্থতায় তাঁরা তালা খুলে দেন এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে তাঁরা কলেজ ক্যাম্পাস থেকে চলে আসেন।
শাহাদত হোসেন বলেন, কলেজের অধ্যক্ষ গোপনে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁদের নিয়োগের জন্য মনোনীত করেছেন।
তবে অধ্যক্ষ মাহাবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের ওই নেতা তাঁর কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে কক্ষে তালা লাগান। পরে কলেজ কর্মচারীরা তাঁকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন। তবে আওয়ামী লীগের ওই নেতাসহ পরিচালনা পর্ষদ সদস্যদের না জানিয়ে নিয়োগ বোর্ড করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।