অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর ও হুমকির ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয় ও বাসভবনে ভাঙচুর এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। অধ্যক্ষ মোহাম্মদ মোফাখখারুল ইসলাম বাদী হয়ে গত সোমবার রাতে দুজনের নাম উল্লেখ করে সদর থানায় ওই মামলা করেন। এদিকে গতকাল বুধবার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়েছে।
আসামি দুজন হলেন শহরের শান্তিনগর এলাকার মো. সাব্বির (২২) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার মো. শাকিল (২৪)। এজাহারে তাঁদের বহিরাগত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয় ছাত্রলীগের নেতারা দাবি করেছেন, ওই দুজন কলেজেরই শিক্ষার্থী।
এজাহার সূত্রে জানা যায়, ৯ এপ্রিল বেলা দুইটার দিকে সাব্বির ও শাকিল পয়লা বৈশাখ উদ্যাপনের বিষয়ে কথা বলতে অধ্যক্ষের কক্ষে যান। তিনি (অধ্যক্ষ) তাঁদের বলেন, বৈশাখ উদ্যাপন কমিটির সঙ্গে আলোচনা করে পরে বিষয়টি জানানো হবে। এ সময় তাঁরা উত্তেজিত হয়ে বলেন, ‘কোনো কমিটি মানি না। ছাত্রলীগ যা করবে তা-ই হবে।’ এ সময় তাঁরা অধ্যক্ষের অফিসকক্ষ ভাঙচুর করেন ও তাঁকে অকথ্য ভাষায় গালাগাল দেন। একপর্যায়ে তাঁরা তাঁর বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে জানালা ভাঙচুর করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
এ ঘটনার পর গতকাল বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকার প্রধান রাস্তার পাশে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কলেজের অন্তত তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। হিসাববিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র তৌফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইয়াহিয়া মণ্ডল ও ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান অভিযোগ করেন, কলেজের বার্ষিক ম্যাগাজিন বের হয় না, খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই, পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায় করা হয়। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ওই সব তহবিলের জন্য টাকা নেওয়া হলেও তা কাজে লাগানো হয় না।
এসব অভিযোগ সম্পর্কে গতকাল দুপুরে কলেজের অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, কলেজ কর্তৃপক্ষ ছাত্রলীগের কাছে জিম্মি হয়ে পড়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের কারণে কলেজের ছাত্রলীগ নামধারী কিছু ছাত্র তাঁকে ও শিক্ষকদের জিম্মি করে ফেলেছে। তাদের চাঁদাবাজির কারণে গত ২৫ ফেব্রুয়ারি সব আয়োজন করেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ করতে হয়েছে। গত বছর দুই লাখ টাকা খরচ করে পয়লা বৈশাখ উদ্যাপন করা হয়েছে। এবারও ১৩টি বিভাগকে নিয়ে এই উৎসব উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ছাত্রলীগ তা মানতে নারাজ। উৎসবের যাবতীয় দায়িত্ব তাদের হাতে ছেড়ে দিতে বলছে। কলেজের ম্যাগাজিন বের করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে মানসম্মত লেখা না পাওয়ায় তা বের করা হয়নি। ওই তহবিলের টাকা জমা আছে।
জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন ওই কলেজের সাবেক শিক্ষার্থী। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ওই কলেজের ছাত্র। তাঁরা দুজন বলেন, অধ্যক্ষ তাঁর দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য সব দায় ছাত্রলীগের ওপর দিচ্ছেন। সাধারণ ছাত্ররা অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছেন। সাব্বির ও শাকিল ওই কলেজের ছাত্র। তাঁরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। অধ্যক্ষ তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।