অধ্যক্ষের পদ ও বেতন নিয়ে জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি ‘অধ্যক্ষ’ হয়েছেন। তারপর আর ওই পদে এমপিওভুক্ত না হতে পেরে আগের এমপিওভুক্ত সহকারী অধ্যাপক পদের বিপরীতে বেতন নিচ্ছেন। অথচ সহকারী অধ্যাপক পদে তিনি আগেই পদত্যাগপত্র নিয়েছেন। ওই পদে নেওয়া হয়েছে নতুন লোক। অধ্যক্ষ পদ আর বেতন নিয়ে এই প্রতারণার আশ্রয় নিয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ পদে আসীন হাবিবুর রহমান।
কলেজ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১ মে হাবিবুর রহমান হিসাববিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদ শূন্য হয়। কলেজ কর্তৃপক্ষ অধ্যক্ষ নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। সেখানে সরকারি বিধি অনুযায়ী প্রার্থীর প্রভাষক অথবা সহকারী অধ্যাপক পদে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়। ওই সময় হাবিবুরের শিক্ষকতার অভিজ্ঞতা ছিল ১১ বছর ৩০ দিন। তারপরও তিনি কলেজ পরিচালনা কমিটির সদস্যদের বুঝিয়ে অধ্যক্ষ পদে আবেদন করেন। একক প্রার্থী হিসেবে ওই বছরের ২৯ আগস্ট তিনি নিয়োগ পরীক্ষা দেন। অধ্যক্ষ পদে মনোনয়নও পান। একই বছর ১ সেপ্টেম্বর তিনি কলেজটির অধ্যক্ষ হিসেবে যোগ দেন।
কিন্তু কলেজের বেতন ও বিল পর্যালোচনা করে দেখা যায়, হাবিবুর রহমান এখনো হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন। অথচ কলেজ পরিচালনা কমিটি ২০১৫ সালের ১৯ অক্টোবরের সভায় তাঁর সহকারী অধ্যাপকের পদত্যাগপত্র গ্রহণ করেছে। ওই সভায় তাঁকে এমপিওভুক্তির তালিকা থেকে নাম কাটার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই পদটি শূন্য ঘোষণা করে আবু রায়হান নামের একজনকে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি গত ৬ ডিসেম্বরে যোগদান করে বর্তমানে কর্মরত।
প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক ওয়ায়েশ আলী বলেন, হাবিবুর রহমান এমপিও শিট থেকে নাম প্রত্যাহার করে নেননি। কারণ, অধ্যক্ষ হিসেবে তিনি এখনো এমপিওভুক্ত হননি। নিজের বেতন-ভাতা গ্রহণের সুবিধার জন্য তিনি হিসাববিজ্ঞানের নবনিযুক্ত প্রভাষককে এমপিওর জন্য আবেদন করতে দিচ্ছেন না।
এ ব্যাপারে আবু রায়হানের সঙ্গে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে পরিচয় দেন। তবে এমপিওর কথা তুলতেই তিনি মুঠোফোনের সংযোগ কেটে দিয়ে সেটি বন্ধ করে দেন।
মুঠোফোনে হাবিবুর রহমান বলেন, তিনি আইন মেনেই অধ্যক্ষ হয়েছেন। তবে অধ্যক্ষ হিসেবে এমপিওভুক্ত হননি। তাই সহকারী অধ্যাপক পদে বেতন নিচ্ছেন।
কলেজটির পরিচালনা কমিটির সভাপতি কলিম উদ্দিন প্রামাণিক বলেন, হাবিবুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আগামী তিন দিনের মধ্যে কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দেওয়ার জন্য গত মঙ্গলবার তাঁর বাড়ির ঠিকানায় নোটিশ দেওয়া হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘কলেজের অধ্যক্ষ পদে নিয়োগের জন্য এমপিও হওয়ার পর থেকে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ হিসাবে হাবিবুর রহমানের নিয়োগ বৈধ হয়নি। এ ব্যাপারে অভিযোগ আসার পর আমরা তাঁর নিয়োগ প্রস্তাব বাতিল করে দিয়েছি।’