গতকাল শনিবার প্রথম আলোতে ‘আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ: ঘুষের টাকা নিয়ে বিপাকে অধ্যক্ষ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডোরিন সুলতানা। তিনি দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনটি অতিরঞ্জিত, উদ্দেশ্যপ্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। ঘটনার প্রাক্কালে কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে। সরকারীকরণ হতে দেরি হচ্ছে ধুয়া তুলে কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষক এর সঙ্গে জড়িত আছে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত সংবাদের ঠিক কোন তথ্যটি ‘অতিরঞ্জিত’, ‘বানোয়াট’ বা ‘ভিত্তিহীন’, তা প্রতিবাদে উল্লেখ করা হয়নি। চাকরি সরকারীকরণ করার জন্য বিভিন্ন দপ্তরে ঘুষ দেওয়ার কথা বলে শিক্ষকদের কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করা হয়েছিল। কিন্তু এখনো কাজ না হওয়ায় শুক্রবার সে টাকা শিক্ষকেরা ফেরত চাইতে গেলে এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ছাড়া, একই কারণে বিক্ষুব্ধ কর্মচারীরা স্কুল ব্যবস্থাপনা কমিটির এক সদস্যকে লাঞ্ছিত করেন। স্থানীয় সাংসদ হাজি মো. সেলিম এসে পরিস্থিতি সামাল দেন। এই প্রতিবেদকও ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। প্রথম আলোর প্রতিবেদনে অধ্যক্ষের বক্তব্যসহ ঘটনাটি তুলে ধরা হয়েছে মাত্র।