অধ্যক্ষের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
কুমিল্লা শহরের আদালত সড়ক এলাকার বাইতুল নাহার নামের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে খালেদা আক্তার নামে এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
খালেদা (১৭) চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের দিনমজুর আবুল হাসেমের মেয়ে। সে চৌদ্দগ্রামের মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহর বাসায় কাজ করত। গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
অধ্যক্ষের পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. আবদুর রব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যক্ষ রহমত উল্লাহর বাসার একটি কক্ষে ছিটকিনি দিয়ে দরজা বন্ধ করে দেয় খালেদা। এ সময় বাসায় অধ্যক্ষের শাশুড়ি ছিলেন। রাতে অধ্যক্ষ বাসায় ফিরে বাড়ির দারোয়ানকে ডেকে দরজা ভাঙেন। ভেতরে খালেদাকে গলায় ওড়না পেঁচিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি বলেন, খালেদার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।