বগুড়ার দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ-বাণিজ্য, চাকরির মেয়াদ বাড়ানোর জন্য প্রতারণা এবং শিক্ষক-কর্মচারীদের হয়রানি করাসহ নানা অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে সম্প্রতি কলেজের শিক্ষক-কর্মচারীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক, শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন। অধ্যক্ষের চাকরির মেয়াদ বাড়ানো হলে তাঁরা আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়, ২০১২ সালে কলেজের অধ্যক্ষ আবদুল মজিদের চাকরির মেয়াদ শেষ হয়। এরপর তিনি পরিচালনা পর্ষদের সম্মতি নিয়ে চাকরির মেয়াদ দুই বছর বাড়ান। চলতি বছরের ডিসেম্বরে তাঁর ওই বাড়তি মেয়াদও শেষ হবে। এর আগেই তিনি পরিচালনা পর্ষদের সভাপতি স্থানীয় সাংসদের কাছে চাকরি মেয়াদ বাড়ানোর অনুমতি চান। কিন্তু সাংসদ তাতে রাজি হননি। সম্প্রতি সাংসদ হজে গেলে অধ্যক্ষ একজন সদস্যকে সভাপতি দেখিয়ে গোপনে চাকরির মেয়াদ বাড়ানোর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন।
অভিযোগে শিক্ষক-কর্মচারীরা আরও উল্লেখ করেন, গত কয়েক বছরে শিক্ষক নিয়োগের টাকা কলেজ তহবিলে জমা না দিয়ে অধ্যক্ষ ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন। শিক্ষকেরা এর প্রতিবাদ করলে বহিরাগতদের লেলিয়ে দিয়ে তাঁদের ভয়ভীতি দেখান অধ্যক্ষ। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগে শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেন। কলেজ পরিচালনা পর্ষদ গঠনের সময় অধ্যক্ষ বিধি মোতাবেক নোটিশ না দিয়ে নিজের লোকজন নিয়ে গোপনে কমিটি গঠন করেন। বিভিন্ন সময়ে কলেজের নির্মাণকাজ দেখিয়ে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধিসহ চার–পাঁচজন শিক্ষক বলেন, অধ্যক্ষ তাঁর লোকদের নিয়ে পরিচালনা পর্ষদ গঠন করায় পর্ষদের সদস্যরা শিক্ষকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এবার অধ্যক্ষের চাকরির মেয়াদ আবারও বাড়ানো হলে কলেজের পাঠদান বন্ধ করে দিয়ে কলেজে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলে হুঁশিযারি উচ্চারণ করেন তাঁরা।
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘আমার চাকরির মেয়াদ বাড়াতে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ নূরুল ইসলাম তালুকদার প্রথমে রাজি ছিলেন। তাঁর হজে যাওয়ার পর সদস্যদের একজনকে সভাপতি করে একটি কার্যবিবরণী করে মেয়াদ বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়েছে। সভাপতি সাহেব রাজি না থাকলে চাকরির মেয়াদ বাড়ানো হবে না।’
শিক্ষক নিয়োগের টাকা আত্মসাতের ব্যাপারে অধ্যক্ষ বলেন, কলেজের যেসব ভবন নির্মাণ করা হয়েছে, তা শিক্ষক নিয়োগের টাকা থেকেই করা হয়েছে। আর এসব ভবন নির্মাণের জন্য কমিটি গঠন করে অর্থ খরচ করা হয়েছে। পরিচালনা পর্ষদের সদস্যরাই এর দেখভাল করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে স্থানীয় সাংসদ নূরুল ইসলাম তালুকদার বলেন, ‘অধ্যক্ষের চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমাকে না জানিয়ে অন্য সদস্যকে সভাপতি করে সভা করলে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’