অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু মারজান মো. শাহজাহান আলীর বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের সহকারী অধ্যাপক রেজাউল হক বাদী হয়ে ১৩ আগস্ট বগুড়ার জ্যেষ্ঠ বিশেষ বিচারকের আদালতে মামলা করেছেন।
শুনানি শেষে আদালত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের ১৬ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, ধুনট ডিগ্রি কলেজ সোনালী ব্যাংক লিমিটেড ধুনট শাখায় লেনদেন করে। যার হিসাব নাম ‘ধুনট ডিগ্রি কলেজ’ (নম্বর ১৪০১৮)। কিন্তু আবু মারজান অধ্যক্ষ হওয়ার পর হিসাবের নাম পরিবর্তন করে ‘কেন্দ্র ফি হিসাব’ রাখেন। তিনি এই হিসাব থেকে একক স্বাক্ষরে কলেজের আয় থেকে প্রায় ৪০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। উত্তোলিত টাকার মধ্যে রয়েছে ২০০৯-১০ সালের কেন্দ্র ফি ১০ লাখ ৭৮ হাজার ৩০ টাকা, ডিগ্রি (পাস) প্রথম বর্ষের বিশেষ পরীক্ষার কেন্দ্র ফি ৫৭ হাজার টাকা ও ২০১১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি ৯৩ হাজার ১৮২ টাকা। এ ছাড়া পরিচালনা কমিটির অনুমোদনবিহীন ভ্রমণ ফি ৪৬ হাজার ৪০০ টাকা এবং ভুয়া ভাউচারে ৯৬ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেন অধ্যক্ষ।
আরজিতে আরও উল্লেখ করা হয়, আবু মারজান প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে কলেজের অধ্যক্ষ হয়েছেন। তিনি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অর্থের বিনিময়ে মিয়া মোস্তাফা আক্তারুজ্জামানকে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ ছাড়া চারজন অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাঁদের বেতন-ভাতা দেওয়ার টাকাও অধ্যক্ষ হাতিয়ে নিচ্ছেন।
এসব অভিযোগের ব্যাপারে অধ্যক্ষ আবু মারজান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। প্রস্তুতি নিয়ে আমি এ পরিস্থিতি মোকাবিলা করব।’