বগুড়ার ধুনট ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গত রোববার প্রতারণার মামলা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এতে অধ্যক্ষের বিরুদ্ধে ২৩ লাখ ৪২ হাজার ৩৬১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলা ও কলেজ সূত্রে জানা যায়, কলেজের একটি নিয়োগ নিয়ে অধ্যক্ষ আবু মারজান মোহাম্মদ শাহজাহান আলীর সঙ্গে কলেজ পরিচালনা কমিটির দ্বন্দ্ব হয়। এ পরিস্থিতিতে অধ্যক্ষ গত ১৭ অক্টোবর থেকে ছুটিতে যান। কলেজ পরিচালনার দায়িত্ব দিয়ে যান সহকারী অধ্যাপক ফজিলাতুন নেছাকে। ৩০ অক্টোবর ফজিলাতুন নেছা দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে পরিচালনা কমিটিকে চিঠি দেন। ৩ নভেম্বর পরিচালনা কমিটি সভা বসে। এতে আবু মারজানকে সাময়িক বরখাস্ত ও সহকারী অধ্যাপক তহিদুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। একই সভায় আবু মারজানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়। কমিটি ৬ নভেম্বর পরিচালনা কমিটির সভায় প্রতিবেদন দাখিল করে। তদন্ত কমিটির সদস্য শিক্ষক হাফিজুর রহমান বলেন, তদন্তে কলেজের বিভিন্ন তহবিল থেকে ২৩ লাখ ৪২ হাজার ৩৬১ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।
এদিকে ছুটি শেষ হলেও আবু মারজান কলেজে যোগ দেননি। ফলে কলেজ পরিচালনা কমিটি সম্প্রতি তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেয়। সে মোতাবেক তহিদুর রহমান বাদী হয়ে রোববার বিকেলে ধুনট থানায় মামলা করেন।
তবে আবু মারজান মোহাম্মদ শাহজাহান আলী বলেন, মিথ্যা অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা ও তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কলেজ পরিচালনা কমিটির বিরুদ্ধে গত রোববার বগুড়া মুখ্য বিচারিক হাকিম আদালতে পাল্টা মামলা করেছেন।