অধ্যক্ষের বিরুদ্ধে ছয় শিক্ষার্থীর বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ
রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ছয় শিক্ষার্থীর মেধাবৃত্তির টাকা তুলে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাবুল ইসলাম একাদশ শ্রেণির শিক্ষার্থী আনজুমান তাসকীরের ছয় মাসের মেধাবৃত্তির ১ হাজার ৮০০ টাকা, অষ্টম শ্রেণির এরিনা খাতুনের ১ হাজার ৯৫০ টাকা, সপ্তম শ্রেণির জান্নাতুল ফেরদৌস ও উদয় কুমার সাহার ৩ হাজার ৯০০ টাকা, নবম শ্রেণির আবদুর রহিমের ছয় মাসের ১ হাজার ২০০ টাকা ও দ্বাদশ শ্রেণির রাজু আহাম্মেদের ৩ হাজারসহ মেধাবৃত্তির ১১ হাজার ৮৫০ টাকা গত ১৮ জুন বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে তুলে নেন। কিন্তু¦ওই টাকা তিনি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেননি।
শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে, ‘আমাদের বৃত্তির টাকা তুলেও অধ্যক্ষ স্যার আমাদের বলেছেন, সরকার থেকে টাকা এখনো আসেনি। অথচ এরই মধ্যে তিনি টাকা তুলে খেয়ে ফেলেছেন।’
ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি আবদুল ওয়াহেদ অভিযোগ করেন, ‘অভিযোগ পেয়ে ব্যাংকে খোঁজ নিয়ে জেনেছি, ১৮ জুন ওই ছয় শিক্ষার্থীর বৃত্তির টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলে নিয়েছেন। তাঁকে শিক্ষার্থীদের মধ্যে টাকা বিতরণের জন্য একাধিকবার বলেছি। কিন্তু তিনি দেননি।’
অভিযোগের বিষয়ে কথা বলতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।