অধ্যক্ষের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, নিয়োগ–বাণিজ্য ও জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ পরিচালনা কমিটির সভায় অধ্যক্ষকে অপসারণের দাবিতে কলেজশিক্ষকেরা গত মঙ্গলবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় গত বুধবার সকালে কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সাইদুল ইসলাম মান্না সরদার, আবু বাশার সিদ্দিকী, বকুল সরদার, আবু সাদত মো. সাইম ও অঞ্জন সরদার। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কলেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দাশুড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভা হয়। ভূমিমন্ত্রী শামসুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এতে কলেজের অধ্যক্ষ আবদুল কাদের ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই পরিচালনা কমিটির সদস্যরা অধ্যক্ষ আবদুল কাদেরের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আলোচনা করেন। এ সময় বাইরে কলেজশিক্ষকেরা অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ করেন। টের পেয়ে ভূমিমন্ত্রী কলেজ পরিচালনা কমিটির সভা সংক্ষিপ্ত করে কলেজের শিক্ষকদের নিয়ে আরেকটি সভায় বসেন।

শিক্ষক হাসানুজ্জামান ও শহিদুল ইসলাম বলেন, ভূমিমন্ত্রী মনোযোগ দিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষকদের অভিযোগের কথা শোনেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মুশফিকুর রহমান অধ্যক্ষ আবদুল কাদেরের বিরুদ্ধে আনা দুর্নীতির আটটি বিষয় লিখিতভাবে উপস্থাপন করেন। অভিযোগের মধ্যে রয়েছে ঘুষ গ্রহণের মাধ্যমে শিক্ষক পদোন্নতি ও বেতন কোড (বেতন স্কেল) পরিবর্তন করা, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ কলেজ তহবিলে জমা না দিয়ে ভুয়া ভাউচারের মাধ্যমে আত্মসাৎ, শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অধ্যক্ষের পছন্দের প্রার্থীকে জেতানো ও প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো, দুর্নীতির প্রতিবাদ করায় ইংরেজির এক শিক্ষককে চাকরিচ্যুত করা ও আরেক শিক্ষককে পাঁচ বছর বরখাস্ত করে রাখা, নানা ছুতোয় ঈদ বোনাস বন্ধ করে রাখা ও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অর্থের বিনিময়ে পদোন্নতি দেওয়া। অভিযোগ শোনার পর মন্ত্রী দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের জন্য নির্দেশ দেন।

তবে অধ্যক্ষ আবদুল কাদের বলেন, অল্প দিনের মধ্যে তিনি অবসরে যাচ্ছেন। তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের মধ্য থেকে কেউ কেউ নিয়মিত কলেজে আসেন না। নিয়মিত ক্লাস করান না। প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত থাকেন।

শিক্ষক নিয়োগ, বেতন কোড পরিবর্তন ও পদোন্নতির সময় আপনি ঘুষ গ্রহণ করেন—এ প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘এগুলো সব মিথ্যা।’