অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা ষড়যন্ত্রমূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের অধ্যক্ষ আতাহার উদ্দিনের বিরুদ্ধে কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক—এমন দাবি বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার সভানেত্রী পারভীন ইসলামের। তাঁকে ফাঁসানোর জন্যই এ নাটক সাজানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গত শুক্রবার রাতে সাভার পৌর এলাকার গেন্ডায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় পারভীন ইসলাম এসব কথা বলেন। সভায় বিভিন্ন কলেজের শিক্ষক, সমাজসেবক এবং এনজিওকর্মীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পারভীন ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পরপরই তিনি গত সোমবার সকাল ১০টার দিকে সাভার মডেল থানায় যান। এরপর তিনি থানায় উপস্থিত ওই কলেজছাত্রী ও তাঁর মায়ের সঙ্গে কথা বলেন। তাঁরা কোনো অভিযোগ করেননি। এরপর তিনি থানার ওসি অধ্যক্ষকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু সাংসদের অনুমতি ছাড়া তাঁকে ছেড়ে দিতে অপারগতা প্রকাশ করেন। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে ২৪ ঘণ্টা পর অধ্যক্ষ ছাড়া পান।
সভায় উপস্থিত টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সনাক সাভারের সভাপতি জয়নাল আবেদিন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এবং সাভারের বাসিন্দা ডা. মাসুদা বেগম, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সমির আলী, সাভার নদী ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সামসুল হক, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ আবু সাঈদ, সাভারের সাবেক ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, বেসরকারি সংস্থা ভার্কের উপনির্বাহী পরিচালক ইয়াকুক হোসেন, সমাজসেবক দেলোয়ার হোসেন ও মানবাধিকারকর্মী নজরুল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের শাস্তির দাবি করেন।