অধ্যক্ষের যোগদান ঠেকাতে কক্ষে তালা দিল ছাত্রলীগ
নরসিংদী সরকারি কলেজে নতুন অধ্যক্ষের যোগদানে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। বেলা একটার দিকে তালা খুলে দিলে তিনি যোগদান করেন।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক বলেন, সকাল নয়টার দিকে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম কলেজে যোগদান করতে উপাধ্যক্ষের কক্ষে বসেন। সাড়ে নয়টার দিকে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসহাক খলিল ও কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসানসহ ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপাধ্যক্ষের কক্ষে ঢুকে অধ্যক্ষকে যোগদান করতে নিষেধ করেন। পাশাপাশি উপাধ্যক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে যেতে বলা হয়। তাঁরা কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রশাসনিক কক্ষসহ কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে চলে যান।
ইসহাক খলিল বলেন, ‘সাধারণ ছাত্ররা যখন তালা ঝোলাচ্ছিল, তখন আমি কলেজের ছাত্রলীগ চত্বরে বসেছিলাম। সিরাজুল ইসলাম স্যারকে আবার এই কলেজে পদায়ন করার ব্যাপারে মন্ত্রী মহোদয়ের (পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম) আশ্বাসের কথা তাদের বুঝিয়ে বলে তালা খোলার ব্যবস্থা করেছি।’
সরেজমিনে বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বেশ কয়েকটি কক্ষে তালা ঝুলছে। উপাধ্যক্ষ জাহান আরা বেগম শিক্ষক মিলনায়তন কক্ষে বসে আছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষকে যোগদান করতে দেননি।
অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি শিক্ষার্থীদের থামাতে শুধু যোগদান করে চলে যাব বলেছিলাম। তারা তাও মানছিল না। তারা আমাদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে দুপুরে তালা খোলার পর যোগদান করেছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।’
কলেজের কয়েকজন শিক্ষক বলেন, উপাধ্যক্ষ থাকাকালে সিরাজুল ইসলাম গত বছর নয় মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ব্যবস্থাপনা বিভাগের প্রধান জামাল আহমেদ অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান। সে সময় সিরাজুল ইসলাম ছাত্রলীগের নেতা-কর্মীদের মাধ্যমে জামাল আহমেদকে যোগদান করতে দেননি বলে অভিযোগ ওঠে। গত ৪ অক্টোবর সিরাজুল ইসলাম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। এরপর তিনি কলেজের কয়েকজন শিক্ষকের সঙ্গে বিভিন্ন সময় অসদাচরণ করেন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে কলেজ মাঠে বইমেলা চলাকালে প্রধান ফটক বন্ধ করা নিয়ে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সঙ্গে তাঁর দ্বন্দ্বের সৃষ্টি হয়। ৯ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবু কায়সার খানের সই করা প্রজ্ঞাপনে সিরাজুল ইসলামকে মেহেরপুর সরকারি কলেজে বদলি করা হয়। মেহেরপুর কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামকে নরসিংদী সরকারি কলেজে নিয়ে আসা হয়।