অধ্যাপক আনিসুজ্জামানকে হুমকি
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন।
বিকেল ৪টা ৩৩ মিনিটে ০১৭৩৮৭২৫৮১৫ নম্বর থেকে ইংরেজিতে লেখা খুদে বার্তাটি অধ্যাপক আনিসুজ্জামানের মুঠোফোনে আসে। ওই বার্তায় বলা হয়েছে, ‘আপনি কেন রূঢ় ব্লগারদের সমর্থন করছেন, তাদের বক্তব্য কেন তুলে ধরছেন? আপনি কি চাপাতির আঘাতে মৃত্যুর সময় হাঁসফাঁস করতে চান?’ খুদে বার্তার বিষয়টি গুলশান থানার পুলিশকে জানিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গতকাল রাত পৌনে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, ওই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। পুলিশ এর মধ্যেই অধ্যাপক আনিসুজ্জামানের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। খুদে বার্তা প্রেরণকারীকে শনাক্ত করতে কাজ চলছে।