অধ্যাপক রেজাউলের 'খুনি' বন্দুকযুদ্ধে নিহত: পুলিশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর সন্দেহভাজন হত্যাকারীসহ দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট সংবাদ সম্মেলন করে এই তথ্য প্রকাশ করে।
নিহত দুজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তাঁদের নাম তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস ওরফে ওসমান ও সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল। এদের মধ্যে তারেককে অধ্যাপক রেজাউলের খুনি বলে পুলিশ দাবি করেছে। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বড় কোনো নাশকতার পরিকল্পনা নিয়ে এ দুজন ঢাকায় আসছিলেন। হোসেনি দালান ও পুলিশ সদস্যদের ওপর হামলার পর জেএমবি সদস্যদের অনেকেই ঢাকা ছেড়েছিলেন। দেশের বিভিন্ন জায়গায় হামলা চালানোর পর জেএমবির সদস্যরা আবারও ঢাকায় ঢোকার চেষ্টা করছিলেন বলে পুলিশের কাছে তথ্য আছে। তারই অংশ হিসেবে এই দুজন ঢাকায় ঢোকার চেষ্টা করছিলেন।
পুলিশের ভাষায় মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মিরপুরের কালশীতে ‘বন্দুকযুদ্ধে’ এরা নিহত হন। ‘বন্দুকযুদ্ধে’ তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস ওরফে ওসমান ও সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল গুরুতর আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ওই ঘটনায় পুলিশের দুজন সদস্য আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। নিহতদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি বুলেট ও তিনটি বোমা উদ্ধার করা হয়।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘তারেক হোসেন মিলু ওরফে ইলিয়াস ওরফে ওসমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যা করে। সে ওই খুনের ঘটনার নেতৃত্ব দিয়েছে। এ ছাড়া দিনাজপুরের কাহারোলের হামলার সঙ্গেও সে জড়িত ছিল। রেজাউল করিম কে হত্যার ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল তারাও স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম বলেছে।’ মনিরুল জানান, তারেক উত্তরাঞ্চলে জেএমবির একজন প্রভাবশালী নেতা। হত্যা ও খুনের ঘটনার অন্যতম পরিকল্পনাকারীও ছিল সে। এ ছাড়া সুলতান মাহমুদ রানা মধ্যম সারির একজন নেতা। বাগমারায় শিয়া মসজিদে সে গুলি ছুড়েছিল। এ সম্পর্কেও পুলিশের কাছে তথ্য আছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম আরও বলেন, জঙ্গি হামলার পেছনে ইন্ধন আছে। একটি পক্ষ দেখাতে চায় সরকার সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীদের সুরক্ষা দিতে পারছে না। যুদ্ধাপরাধের বিচার যারা চায় না তাদের যোগসূত্র নেই এমন বলারও অবকাশ নেই। যারা যুদ্ধাপরাধের বিচার চায় না ও সরকারকে ব্যর্থ দেখাতে চায় তারা এসব হামলার পেছনে থাকতে পারে। জঙ্গি হামলার পেছনে যে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত আছে সেটি বের করার চেষ্টা করছে গোয়েন্দা বিভাগ।
চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে খুন করে পুলিশের মনোবল ভাঙা যাবে না বলেও দাবি করেন মনিরুল ইসলাম।